শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]নৃবিজ্ঞান বিভাগের শিক্ষাসফরআমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ৩৮ জন শিক্ষার্থী মিলে ‘ক্ষুদ্রঋণ’ কোর্সের আওতায় মাঠকর্মভিত্তিক শিক্ষাসফরে গিয়েছিলাম কয়েক দিন আগে মাদারীপুরের রাজৈরে। আমাদের সঙ্গে ছিলেন বিভাগের অধ্যাপক নুরুল আলম। তিন দিনের এ শিক্ষাসফরে বেসরকারি সংস্থা গণ-উন্নয়ন প্রচেষ্টা আমাদের সহযোগিতা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হলো আমাদের হইচই, সরগরম যাত্রা। যেতে যেতে যখন আমরা ধামরাই ছাড়িয়ে মানিকগঞ্জের পথে যাচ্ছি। চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি দেখে অভিভূত হচ্ছি সবাই। অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য মাদারীপুরের রাজৈরে। দেখতে দেখতে তিনটা দিন কীভাবে পার হয়ে গেল তা আমরা বুঝতেই পারিনি। এ সফল ছিল এককথায় অসাধারণ। ক্ষুদ্রঋণ সম্পর্কে আমরা প্রাতিষ্ঠানিকভাবে পড়েছি। এ সফরের মাধ্যমে আমরা হাতে-কলমে শিখতে পেরেছি। দ্বিতীয়ত, বন্ধুদের সঙ্গে তিনটি দিন খুবই ভালো কেটেছে। মাঠকর্ম ও আলোচনা বাদে বাকি সময়টা আমরা মন খুলে আনন্দ করেছি। — নাঈমা আমিন জাতীয় বিতর্ক উত্সবের প্রস্তুতিজাতীয় বিতর্ক উত্সবের খবর নিশ্চয়ই এর মধ্যে অনেকেই পেয়ে গেছেন। পাবেনই বা না কেন? উত্সবের খবর কি আর চাপা থাকে? ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চতুর্থবারের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিতর্ক উত্সব ২০১০। উত্সব অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে। উত্সবে থাকছে সনাতনী, সংসদীয়, তারকা, ছাত্র-শিক্ষক, বারোয়ারি জুটি, রম্য, সৃষ্টি-স্রষ্টা ও কবিয়াল বিতর্ক। প্রতিটি মডেলের বিতর্কের ওপরে প্রথমে কর্মশালা ও পরে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হবে। এ আয়োজন নিয়ে মহাব্যস্ত সুমন, আসাদ, রাকীব, তানভীর, আশিক, রনি, শোভন, বাশার, নিপো, তপু, ইশহাদ, গালিব, প্লাবনসহ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বিশাল ব্যাটেলিয়ন।বাংলাদেশের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমীরা অংশ নিতে পারেন এ উত্সবে। রেজিস্ট্রেশন শুরু হবে ১৩ মে দুপুর ১২টা থেকে ১৪ মে রাত আটটা পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন—০১৭১৮-৮১৪০৫৮ ও ০১৯১২-৬২৭৯৬১ নম্বরে। অথবা মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়। ঢাকার বাইরের বিতার্কিকদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। থাকা ও খাওয়ার ব্যবস্থাটাও করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। তো রেজিস্ট্রেশন করছেন তো?— শান্তা তাওহিদাচুয়েটে দাবা ও ক্যারম প্রতিযোগিতাচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতা। ৫ মে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর এবং চুয়েট অংশ নেয়।দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মিহির লাল দাস, অভিজিত্ ঘোষ, মেহেদী হাসান, আবদুল্লাহ যোবায়ের ও মোহাম্মদ সাব্বির। রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন সৈয়দ নাজমুল হোসেন, এ সালাম, মো. কামরান হোসেন। রানার আপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়।—কাউসার মো. নূরুন্নবীআইইউবিতে আলোকচিত্র প্রদর্শনীইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এনভায়রনমেন্টাল কমিউনিকেশন কোর্সের শিক্ষার্থীরা ২৭ থেকে ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে ‘বিপন্ন মধুপুর শালবন’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। আলোচ্য কোর্সের শিক্ষার্থীরা তাঁদের পাঠ্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল ও মধুপুরের শালবন এবং এর পরিবেশ-প্রতিবেশ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে। এ প্রদর্শনীতে তাদের তোলা ২৭টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। আলোচ্য কোর্সটির ইনস্ট্রাক্টর ছিলেন বিশিষ্ট পরিবেশ-সাংবাদিক ফিলিপ গাইন।—সাইমুম ওয়াহাবতিতুমীর কলেজ বিএনসিসির ক্যাডেটদের নবীনবরণ৭ মে বিএনসিসির তিতুমীর কলেজ কন্টিনজেন্ট (বিমান শাখা) নবীন ক্যাডেটদের বরণ করে নেয়। এ উপলক্ষে কলেজে বর্ণাঢ্য আয়োজন করে বিএনসিসির ক্যাডেটরা। অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের বরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা ও চিত্রপ্রদর্শনী হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর স্কোয়াড্রনের সার্জেন্ট তানভীর, কন্টিনজেন্টের ফ্লাইং অফিসার নূরুল ইসলাম, পিইউও মামুন রেজা, ক্যাডেট আন্ডার অফিসার জাকারিয়া, নিশান, মোক্তার, সার্জেন্ট নোমান, ধ্রুব মুখার্জি, মাসুদ রেজা, রুমা, নীলিমা ও অন্য ক্যাডেটরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সার্জেন্ট এইচ এস সোহেল রানা। —জুবায়ের কবির যুগপূর্তি বিতর্ক উত্সব২৯ এপ্রিল-১ মে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২টি ডিবেটিং ক্লাবের বিতার্কিকদের অংশগ্রহণে মুখরিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রাঙ্গণ। তিন দিনব্যাপী এ প্রাণবন্ত উত্সবের চূড়ান্ত পর্বে অংশ নেয় ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব’ ও ‘রোকেয়া হল বিতর্ক অঙ্গন’। মহান মে দিবস সামনে রেখে চূড়ান্ত বিতর্কের বিষয় নির্ধারণ ছিল ‘শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার মধ্যে দিয়েই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব’। ‘রোকেয়া বিতর্ক অঙ্গন’ চূড়ান্ত পর্বে বিজয়ী হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সভাপতি মাহদি হাসান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাধ্যক্ষ বায়তুল্লাহ্ কাদেরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন প্রমুখ। —আলমগীর শাহরিয়ার