শিক্ষাঙ্গন চিরকুট
‘বসন্ত বাতাসে’ শাবিপ্রবি দিবসকেন সেজেছে ওরা? বসন্তের প্রথম দিন বলেই? তা তো বটেই। কিন্তু দিনটি যে মিলে গেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গেও! সে আনন্দেই এবারের পয়লা বসন্ত ওদের মনে জ্বালিয়ে দিয়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ পলাশ-শিমুলের আলো। মনে নিশ্চয়ই ‘বসন্ত বাতাসে সই গো...’ গানের সুর হিল্লোলিত হচ্ছিল। ১৩ ফেব্রুয়ারি সকালে শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণিল সাজে আনন্দ-শোভাযাত্রার সঙ্গে ছিল কেক। বিশ্ববিদ্যালয় দিবস ও বসন্তবরণ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাডেমিক ভবন চত্বরে ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন’ সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র’ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উত্সব। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪১৬’ শিরোনামের এই উত্সবে জায়গা পাবে দুই বাংলার জনপ্রিয় সব চলচ্চিত্র। টিএসসি মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা, বেলা একটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় এ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চলচ্চিত্র উত্সব সামনে রেখে টিএসসি সাজবে নানা রঙে। বইমেলায় ঘুরতে গিয়ে যে কেউ ঢুকে পড়তে পারেন চলচ্চিত্র দেখতে। স্টামফোর্ডে ইংরেজি বিভাগের নবীনবরণ৮ ফেব্রুয়ারি স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচকে বরণ করে নেওয়া হয় সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে। ইংরেজি বিভাগ পরিচালিত সংগঠন স্টামফোর্ড ইংলিশ ল্যাংগুয়েজ ফোরাম (সেলফ), স্ট্রে বার্ড (কালচারাল অ্যান্ড লিটেরারি ক্লাব) এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি (সাড্স) সম্পর্কে ধারণা দেন সংগঠনের সমন্বয়কারীরা। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের স্বাগত জানানো হয়। ইংরেজি বিভাগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন ওই বিভাগের শিক্ষক রিসালাত সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম মজিবুর রহমান। স্টামফোর্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি শেষ হয়।ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীআগামী ২৪ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ‘সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক প্রচারাভিযানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রচারাভিযানের মূল লক্ষ্য, দুঃসংবাদ নয় দেশকে সুসংবাদের বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সমাপনীশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষা সমাপনী উত্সব হয়ে গেল ৯ ফেব্রুয়ারি। শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দ করে দিনটি উদযাপন করে। শিক্ষা সমাপনী উপলক্ষে ‘দ্য ডাউন অব অ্যা নিউ ড্রিম’ স্লোগান নিয়ে বিদায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে আনন্দ শোভাযাত্রা বের করে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রথের রশি ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছিল অনুশীলন নাট্যদলের ৩০ বছর পূর্তি উপলক্ষে। ওই দিন মঞ্চায়িত হয় রাবি অনুশীলন নাট্যদলের নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি।বিকেল হতে না হতেই রথের রশি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভরে ওঠে কানায় কানায়। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল জানান, নাটকটি দেখে ভালো লাগল। ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য উঠে এসেছে এখানে। শিক্ষার্থী শাহ আলম, সোহেল আহমেদ, হেমা, টুম্পা হালদার জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এর আগে তাঁরা ক্যাম্পাসে দেখার সুযোগ পাননি, অনুশীলন নাট্যদল সে সুযোগ করে দিয়েছে। অনুশীলন নাট্যদলের সাধারণ সম্পাদক সমাপন সরকার বলেন, ‘অনুশীলন একটা পরিবারের মতো। এখানে আমরা লেখাপড়ার পাশাপাশি সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ পেয়ে থাকি।’ডুয়েটে দাবা প্রতিযোগিতাঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দাবাপ্রেমীদের সংগঠন ডুয়েট চেজ ক্লাব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটি ক্যাম্পাসে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে। গত শনিবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শেষ হবে।নাট্যকলা বিভাগে স্মারক বৃত্তি প্রদান১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে নাটমণ্ডল মিলনায়তনে নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন সাবরিনা আক্তার, টুম্পা সমাদ্দার, জাহিদুল কবীর, প্রীতি রানী ঘোষ, সাজিয়া শারমীন ও দীপ্তি অরণী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেখন নীলুফার ইয়াসমীনের বোন ড. নাজমা ইয়াসমীন, বিভাগীয় চেয়ারপারসন কুহেলী ইসলাম ও অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী। বিভাগীয় শিক্ষার্থীরা ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীলুফার ইয়াসমীনের বড় বোন ফরিদা ইয়াসমীন।