শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]চট্টগ্রামে বিতর্ক প্রতিযোগিতাপ্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। আর শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিতর্কচর্চা অনন্য ভূমিকা পালন করতে পারে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাই সরকারি-বেসরকারি উদ্যোগে বিতর্কচর্চার আয়োজন করা দরকার। ১৭ আগস্ট চট্টগ্রামের সরকারি টিচার্স টেনিং কলেজে বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আয়োজন করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা হয়েছে।বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। এতে মডারেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক। গেস্ট অব অনার ছিলেন দুর্যোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির পরিচালক বাবর কবির। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল ও ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হেলালুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশচন্দ্র চৌধুরী। ‘বিদ্যালয় শিক্ষার্থীর সার্বিক বিকাশের মূল কেন্দ্র’ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় মহালছড়ি পাইলট উচ্চবিদ্যালয় ও কক্সবাজার হারবাং ইউনিয়ন উচ্চবিদ্যালয়। এতে বিজয়ী হয় মহালছড়ি পাইলট উচ্চবিদ্যালয়। ‘প্রাইভেট পড়া মানসম্মত শিক্ষার অন্তরায়’ বিষয়ে অনুষ্ঠিত শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে ফেনী পরশুরাম বক্স মাহমুদ উচ্চবিদ্যালয় ও সাতকানিয়া গাটিয়াভাঙা সুফিয়া মমতাজ উচ্চবিদ্যালয়। বিজয়ী হয় ফেনী পরশুরাম বক্স মাহমুদ উচ্চবিদ্যালয়।—নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রামরক্তদান কর্মসূচীরক্তের বাঁধনে বাধি বন্ধুত্ব- স্লোগান নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ১০ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের গাজীপুর শাখার উদ্যোগে ডুয়েট সেল এ কর্মসূচীর আয়োজন করে। সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে আয়োজিত রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন চিকিৎসা কেন্দ্রের জৈষ্ঠ চিকিৎসা কর্মকর্তা মো. এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের গাজীপুর শাখার পরিচালক মো. আলাউদ্দীন, ডুয়েট সেলের আহবায়ক আব্দুর রহিম প্রমুখ। দিনব্যাপী এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২শ শিক্ষার্থী সেখানে গিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। - নাজমুল লিখনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমিতিসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৪ আগস্ট যাত্রা শুরু করেছে কৃষি অনুষদ ছাত্র সমিতি। ওই দিন দুপুরে কৃষি অনুষদ ডিনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সমিতি গঠিত হয়। সমিতির সভাপতি হিসেবে রয়েছেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম। সমিতির অন্য ব্যক্তিরা হলেন সহসভাপতি রানা রায়, সাধারণ সম্পাদক রাসেন্দ্র তালুকদার, যুগ্ম সম্পাদক মো. মাসুম, কোষাধ্যক্ষ স্নেহাংশু শেখর চন্দ, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক রাহাতুজ্জামান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত তালুকদার ও ক্রীড়া সম্পাদক মৌসুমী ধর।—সুমনকুমার দাশ