শিক্ষাঙ্গন চিরকুট
সানবিমেসর ভাষা আয়োজনফেব্রুয়ারি মাসে সানবিমস তাদের উত্তরা ও ধানমন্ডি ক্যাম্পাসে আয়োজন করেছিল ভাষাকেন্দ্রিক নানা অনুষ্ঠান। উত্তরা ক্যাম্পাসে শিক্ষার্থীরা তৈরি করেছিল শহীদ মিনার। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও শিক্ষার্থীরা ভাষাভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ওই শহীদ মিনারের পাদদেশে। ভাষাশহীদদের প্রতিকৃতি, শিক্ষার্থীদের রচনা, ছড়া, কবিতা ইত্যাদি দিয়ে আয়োজিত হয়েছিল বিশেষ প্রদর্শনী। দেয়াল পত্রিকা প্রকাশ, হাতের লেখা ও বানান প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ধানমন্ডি শাখায় আয়োজিত হয় এক বইমেলা। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনের সঙ্গে চলে বইয়ের বেচাকেনা। ২৮ ফেব্রুয়ারি সানবিমসের একুশে কার্যক্রমের সমাপ্তি ঘটে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এ পর্বে বাংলা বিভাগের প্রধান লীনা কবীর বক্তব্য দেন। ধানমন্ডি শাখার বইমেলা কিশোর শিক্ষার্থীদের কীভাবে মাতিয়েছিল, ছবিতে সেটাই দেখা যাচ্ছে।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সময়’বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে। বেশির ভাগ সম্প্রদায়েরই রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। এ কথা মাথায় রেখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) ভাষার মাসে আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সময়। এ আয়োজনে যেমন ছিল রাষ্ট্রভাষা বাংলাকে সর্বক্ষেত্রে ব্যবহারের আহ্বান, ঠিক তেমনি ছিল অন্যান্য সম্প্রদায়ের ভাষাকে সবার মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস।শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় মহান ভাষা আন্দোলনের ইতিহাস। এরপর এনএসইউয়ের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় শুরু হয় পঞ্চকবির গান। রবীন্দ্রসংগীত, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ, রজনীকান্ত, নজরুলগীতি—সবই ঘুরেফিরে আসছিল বারবার। হাসন রাজা, শাহ আবদুল করিম, লালনসংগীত আর ভাওয়াইয়া গানের মূর্ছনায় বারবার মুগ্ধ হচ্ছিল শ্রোতারা। বাংলা গানের পাশাপাশি পার্বত্য অঞ্চলের চাকমা ভাষার গান যেমন ছিল, তেমনি ছিল উত্তরাঞ্চলের সাঁওতালি ভাষা, সিলেটের মণিপুরি ও ময়মনসিংহের মান্দি (গারো) সম্প্রদায়ের নিজস্ব ভাষার গান।—ফয়সাল হাসানআইইউবির সমাবর্তন২ মার্চ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হলো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে। এ অনুষ্ঠানে ৬৬০ জন স্নাতকের মধ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বজলুল মোবিন চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ এম জে আকবর। তিনি তাঁর ভাষণে উপমহাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে বলেন, ‘বর্তমান সময়ের চ্যালেঞ্জ জাতীয়তাবাদ নয়, এ সময়ের চ্যালেঞ্জ হচ্ছে আধুনিক সমাজ প্রতিষ্ঠার, যে সমাজে রাজনৈতিক ও অর্থনৈতিক সমতা থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে এবং থাকবে জেন্ডার সমতা।’ শিক্ষার্থীদের মধ্যে চারজন তাঁদের শিক্ষাজীবনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক লাভ করেন। তাঁরা হলেন লামিয়া বিনতে আলী, শারমীন মাহবুব, আজমল হোসেইন ও কায়সার আলী। ২০০৯ শিক্ষাবর্ষের ভেলিডিক্টরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন স্নাতক সম্মান শ্রেণীর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী নাওমী আহমেদ।—সাইমুম পারভেজহোটেল ম্যানেজমেন্ট পড়ার সুযোগহোটেল ম্যানেজমেন্ট বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) ২০০২ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে হোটেল ম্যানেজমেন্টের ওপর বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও শর্ট কোর্স পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এ কোর্সটিতে রয়েছে আটটি বিষয়: যেমন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, পেস্ট্রি অ্যান্ড বেকারি, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউস কিপিং অপারেশন, জেনারেল ইংলিশ, স্পোকেন ইংলিশ ও কম্পিউটার কোর্স। কোর্সটি সম্পন্ন করে শিক্ষার্থীরা ড্যাফোডিল ফাউন্ডেশন ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট অর্জন করে তিন মাস ইন্টার্নির সুযোগ পেয়ে থাকে। বর্তমানে ১৯তম ব্যাচে ভর্তি শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ মার্চ ২০১০। যোগাযোগ: বাড়ি ২/বি, রোড ১২, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা। জয়ধ্বনির আলোকচ্ছটাচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংগঠন জয়ধ্বনির ১০ বছর পূর্তি উপলক্ষে ১২ মার্চ আলোকচ্ছটা শিরোনামে দিনব্যাপী উত্সব ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে। উত্সবের দিন সকালে থাকছে আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিচারণা অনুষ্ঠান। এরপর থাকছে কথা মিত্র ও সৌরভের আঁকা ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী। বিকেলে থাকছে পিঠা উত্সব, মেহেদি উত্সব ও ঘুড়ি উত্সব। আর সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ বছর পূর্তি উপলক্ষে আলোকচ্ছটা নামে একটি স্যুভেনির (স্মারক) প্রকাশ করবে বলে জানান জয়ধ্বনির সভাপতি সফিউদ্দিন সেতু ও সাধারণ সম্পাদক লিটন মারমা। প্রকৌশল শিক্ষার একঘেয়ে জীবনে বৈচিত্র্য আনার লক্ষ্যে ২০০০ সালের ১৬ ফেব্রুয়ারি জয়ধ্বনি আত্মপ্রকাশ করে। এ বছরই সংগঠনটি প্রতিষ্ঠার ১০ বছর অতিবাহিত করেছে।—কাওসার আহমেদকৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনীবেলুন উড়িয়ে, রংবেরঙের টুপি পরে, মাথায় ফিতা বেঁধে বিশেষভাবে নকশা করা টি-শার্ট পরে ক্যাম্পাসে সারা দিনই আনন্দ উত্সবে মেতে ছিলেন বিদায়ী শিক্ষার্থীরা। ৪ মার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) মাত্স্যবিজ্ঞান অনুষদের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দিনব্যাপী শিক্ষা সমাপনী উত্সব উদ্যাপন করেন। এ উপলক্ষে ওই ব্যাচের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উদ্বোধন করেন মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন আবদুল ওহাব। অনুষদের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়-’৭১-এর পাদদেশে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জীবনকে স্মৃতিময় করে রাখতে ফটোসেশন, খেলাধুলা, স্মৃতিচারণাসহ বিভিন্ন আনন্দপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন। শিক্ষা সমাপনী উপলক্ষে প্রকাশিত হয় স্মৃতি অ্যালবাম নামে একটি স্মরণিকা।—শরীফুল ইসলামড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীখুব ভোরে বিশাল এক শোভাযাত্রায় নানা পোশাকে একদল শিক্ষার্থী। কেউ বা বিভিন্ন পেশার নারী-পুরুষদের পোশাকে, কেউ পোশাক শিল্পে ব্যবহূত বিভিন্ন যন্ত্রাংশ হাতে আবার কেউ বা বস্ত্রকৌশলের নানা বিষয়ের ওপর নানা জিনিস প্রদর্শন করছেন। এমনই সব আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বেসরকারি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। শোভাযাত্রা শেষে কলাবাগান ক্রীড়া চক্রের মাঠে বিভিন্ন বিভাগ নিজেদের বিভিন্ন বিষয় তুলে ধরে নানা আয়োজনের মাধ্যমে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পেশার নারী ও পুরুষদের বাস্তব জীবনচিত্র তুলে ধরেন। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা পোশাক শিল্পে ব্যবহূত যন্ত্রাংশের ডামি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা পৃথিবীর প্রথম মুদ্রণযন্ত্রের আদলে একটি ডামি মুদ্রণযন্ত্রও প্রদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নতুন-পুরোনো প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেন।বিভিন্ন রঙের টি-শার্ট পরে কেউ নিজেদের বিভিন্ন বিষয় সবার মধ্যে তুলে ধরতে ব্যস্ত, আবার কেউ বা নিজেদের মধ্যে আনন্দ উদ্যাপনে ব্যস্ত। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, এমন সব আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী জেরিন, সুসমা, মামুন, বাঁধন জানান, তাঁদের ভালো লাগা একটি দিনের কথা। তাঁদের মতে, এই একটি দিন যেদিন সব শিক্ষার্থী একসঙ্গে হয়ে দিনব্যাপী নানা আয়োজনে মেতে থাকেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া পুরো দিনের এমন আয়োজনে একসঙ্গে সবাই মিলে আনন্দ করার মাধ্যমে ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী জাকির হোসেন, আরিফুর রহমান আর সানজিতা ইসলামও ভালো লাগার প্রকাশটুকু জানান। বিকেলে ‘সম্ভাবনার বাংলাদেশ’ শিরোনামে প্রচারণামূলক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।—আনিস রহমান