শিক্ষাঙ্গন সন্দেশ
[email protected]আনন্দ নাকি কষ্ট, কোনটা ভাগ করতে হয়?আনন্দ ভাগ করে নিলে তা নাকি বেড়ে হয় দ্বিগুণ, কিন্তু কষ্ট ভাগ করলে? তা কি আদতেই কমে? আজ আমি তা পরীক্ষা করে দেখব বলেই লিখতে বসলাম আমার কষ্টের কথা, আমার এক স্বপ্নের কথা।আমার বড় দাদা আশীষ, যাকে নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন ছিল, ছিল অসংখ্য পরিকল্পনা। আজ প্রায় দুই বছর হতে চলল সে নেই আমাদের মাঝে। ১৩ এপ্রিল, ২০০৮ এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে আমার ভাইকে। পত্রিকায় সড়ক দুর্ঘটনার অসংখ্য খবর আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে ওই দিনটাতে। স্বজন হারানোর যে কী কষ্ট তা আমি জানি, আজও দাদার ওভাবে চলে যাওয়াটাকে মেনে নিতে পারিনি, পারব না আজীবন।বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাস করে ভালো একটা ব্যাংকে চাকরি হয়েছিল বড়দার। বিয়ে করেছে মাত্র এক মাস হয়েছিল। এরই মধ্যে সে যে এমন করে চলে যাবে আমাদের ছেড়ে, কে জানত! জানি, দাদা যেতে চায়নি, অসংযত ওই ট্রাকচালক কেড়ে নিয়েছে আমার দাদাকে। আমার বউদির নতুন সাজানো স্বপ্নগুলোকে চুরমার করে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার সব আশা-ভরসা, পঙ্গু করে দিয়েছে পুরো পরিবারকে। সব ক্ষোভ, যন্ত্রণা চাপা দিয়ে দুটি বছর তো কাটিয়ে দিয়েছি, হয়তো কেটে যাবে বাকি দিনগুলোও। কিন্তু সব সময় মনে হয়, এভাবে আর কত নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যাবে? এর কি কোনো সমাধান নেই?প্রতিটা পয়লা বৈশাখে এখন আমরা শোক পালন করি। প্রতিটা দিন দাদার অভাব অনুভব করি, সে থাকলে আজ আমাদের দিনগুলো কাটত অন্য রকম, আনন্দে! পুত্রহারা মায়ের কষ্ট, ভাইহারা বোনের আহাজারি, স্বামীহারা সদ্য বিবাহিত স্ত্রীর নির্বাক অশ্রুবর্ষণ—কোনো কিছুই পারবে না হারানো মানুষকে ফিরিয়ে দিতে।মৌসুমীশিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়, সিলেট।ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমিমেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইয়ের সঙ্গে একবার ঢাকায় আসে। দর্শনীয় স্থানগুলোর মধ্যে স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। মুক্ত পরিবেশে নিজের অজান্তেই এখানে রোপিত হয় স্বপ্নবীজ। দিন যায়, মাস পেরিয়ে বছর গড়ায়, অঙ্কুরিত হয় স্বপ্নবীজ। ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার ফলের পর ঢাকায় এসে ভর্তি পরীক্ষা দেয় স্বপ্নের ক্যাম্পাসে। যে স্বপ্নবৃক্ষটি তরতর করে বেড়ে উঠেছিল, সেটি শাখা-প্রশাখা বিস্তার করে পুরোপুরি মহীরুহ হতে পারেনি। সীমাবদ্ধ সহযোগিতার জীবনে দরকার ছিল হলে আবাসিক হওয়া, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। নানা প্রতিকূল পরিবেশ তাকে অনেক শিক্ষা দিয়েছে। বুঝতে পেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেন সেরা হয়ে থাকে। তাঁদের সফলতার চাবিকাঠি কিংবা ব্যর্থতার দায়ভার চিনতে পেরেছে, বুঝতে পেরেছে কী করে, কেন, কীভাবে তাঁরা জীবনের লক্ষ্যে পৌঁছান বা বিপথগামী হন। তার জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল আবু বকরের ট্র্যাজেডি। এ জীবনে তার প্রাপ্তিও মোটেই কম নয়। সবচেয়ে বড় প্রাপ্তি তার শিক্ষকমণ্ডলী, সমৃদ্ধ পাঠাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সে অবশ্যই গর্বিত তার জীবনের এই অংশগুলোর জন্য।তার বিভাগের প্রত্যেক শিক্ষক অন্যান্য শিক্ষকের জন্য আদর্শের মডেলস্বরূপ। অসম্ভব রকমের ভালো লাগা পেয়ে বসে, যখন নিজেকে আবিষ্কার করতে পারে পাঠাগারে। নিজেকে ধন্য মনে হয়, যখন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে নিজেকে অনেক সংগঠনের সঙ্গে জড়িয়ে ফেলতে পেরেছে। ব্যথা লাগে কলমদাদী নাসেরা বেগম বা ফুল-চকলেট বিক্রেতা ছোট শিশুদের দেখে। অনুপ্রাণিত হয় প্রতিবন্ধী ভাইবোনদের কঠোর সংগ্রাম দেখে। আবার শঙ্কিতও হয় ভবিষ্যতের কথা ভেবে, তুমুল প্রতিযোগিতার বাজারে সে জানে না একটা ভালো ক্যারিয়ার গঠন করতে পারবে কি না। সফলতার দোরগোড়ায় এসে যদি পা পিছলে পড়ে যায়!আশা-নিরাশার দোলাচলে বয়ে চলেছে তার ক্যাম্পাস-জীবন। না পাওয়ার তুলনায় প্রাপ্তিটাই অনেক বেশি। সব সময় তার মন একটা কথাই বলে, ‘আমি এ দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী হিসেবে শ্রেষ্ঠত্ব আমার আছেই। ভবিষ্যতে এই শ্রেষ্ঠত্বকে আরও অনেক উঁচুতে তুলে ধরতে হবে। কারণ, ভবিষ্যৎ রয়েছে আমারই প্রতীক্ষায়।’ মেয়েটি আর কেউ নয়, আমি নিজেই।সুলতানা জেসমিনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।আহা! কী মজার টিফিন...!স্কুলজীবন শেষ করেছি বেশ অনেক দিন হয়। এখন স্কুলের কথা মনে হলে শুধুই কান্না পায় আর আফসোস হয়। আহা! কী মজার আনন্দময় দিনগুলো ছিল...!কিন্তু তখন খুব বিরক্তি লাগত। মনে হতো, কবে আরও বড় হব, কলেজে পড়ব! সবাই খুব পাত্তা দেবে। এখন কেউ পাত্তা দেয় না। শুধু বলে, ‘পুঁচকি, স্কুলে পড়িস। পাকামি করিস না, বড়দের কথা শুনতে হয়।’ এসব শুনতে শুনতে বিরক্ত হতাম। ভাবতাম, একবার কলেজে ভর্তি হই, তখন দেখে নেব। আর এখন ভাবি, কেন বড় হলাম?স্কুলের টিফিনের প্রতি খুব লোভ ছিল। টিফিন নিয়ে বান্ধবীদের সঙ্গে কাড়াকাড়ি করে খেতাম। সেই টিফিনের স্বাদ এখনো জিহবায় লেগে আছে। মনে হয়, আবার যদি স্কুলজীবনে ফিরে যেতে পারতাম! বাসায় কত নাশতা, কিন্তু খেতে ইচ্ছা হয় না। অথচ স্কুলে কী টিফিন দেবে, সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। একেক দিন একেক ধরনের টিফিন দেয়। যেদিন বেশি ভালো টিফিন দেয়, সেদিন হই হই করে টিফিন নিয়ে মাঠে চলে যাই—খাওয়া সেরেই খেলাধুলা আরম্ভ, ঘণ্টা না পড়া পর্যন্ত।যেদিন একটু কম টিফিন দেয়, সেদিন মনে মনে ‘বড়পা’কে বকা দিই। মুখে বলার তো সাহস নেই। বলি, একটু ভালো টিফিন দিলে বড়পার এমন কী অসুবিধা হয়? বাসায় কত খাবার, তার প্রতি আমার কোনো আগ্রহ নেই। সব লোভ স্কুলের টিফিনের প্রতি।হোমওয়ার্ক করিনি, স্যারদের ভয়ে স্কুল না যাওয়ার অনেক ফন্দিফিকির করি। আবার ভাবি, না গেলে তো টিফিন মিস হবে। ভাবি, আপাদের বকা খাব তাতে কী? কিন্তু স্কুলের টিফিন মিস করা যাবে না। টিফিন খাওয়ার লোভে স্কুলে যেতাম। টিফিন খেয়ে কলতলায় বান্ধবীরা সব ধাক্কাধাক্কি করে পানি খেতাম। সবার পানির পট আছে, তবু এই আনন্দ, যা ভোলার নয়।আহা এই আনন্দ কি ভোলা যায়?স্কুল এবং আপা, স্যারদের আমি খুব ভালোবাসি।শামীমা বিলকিসক্ষেত্রীপাড়া, দিনাজপুর।