শিক্ষাজীবন থেকেই চাকরির বিজ্ঞাপন দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘প্রথম আলো জবস হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন পারটেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মেহেরাজ হামিদ। এবিসি স্টুডিওতে তিনি তুলে ধরলেন পেশা গঠনের বিভিন্ন দিক ও প্রয়োজনীয় অংশ।প্রশ্ন: প্রতিটি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীদের সচরাচর একটি প্রশ্ন করা হয়ে থাকে যে আপনি কেন এ প্রতিষ্ঠানে চাকরি করতে চান বা আপনি আপনার যোগ্যতা কীভাবে প্রমাণ করবেন? চাকরিদাতারা মূলত কী ধরনের উত্তর আশা করেন?উত্তর: প্রত্যেক চাকরিদাতা দেখতে চান, চাকরিপ্রার্থীরা প্রমাণসাপেক্ষ অভিজ্ঞতা যা তাঁরা তাঁদের প্রাত্যহিক বা শিক্ষাজীবনে করে এসেছেন, এমন কোনো অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে প্রমাণ করুন। যেমন—যদি চাকরিদাতা কোনো প্রার্থীকে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পর্কে জানতে চান, তবে প্রার্থীর উচিত হবে শিক্ষাজীবনে কোনো দল বা বিভাগের নেতৃত্ব কীভাবে দিয়েছেন এবং কীভাবে তিনি সমস্যার সমাধান করেছেন তা বর্ণনা করা।প্রশ্ন: চাকরিদাতা একজন প্রার্থীর মধ্যে কোন গুণগুলো দেখতে চান?উত্তর: একটি প্রতিষ্ঠানের সব সদস্য একটি পরিবারের মতো, তাই আমার উপদেশ থাকবে, যাঁরাই শিক্ষাজীবন শেষ করে চাকরিজীবন শুরু করেছেন বা করবেন, সবাই তাঁদের অভিভাবকদের কাছে জিজ্ঞেস করে নেবেন, তাঁরা অভিভাবক হিসেবে আপনাদের মধ্যে কী কী গুণ দেখতে চান। আমার মনে হয়, সেগুলো আয়ত্ত করতে পারলেই যে কেউ যেকোনোখানেই সফল হবেন।প্রশ্ন: কী কী যোগ্যতা থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা পেশা হিসেবে বেছে নেওয়া উচিত?উত্তর: যেকোনো পেশা নিয়ে যে কেউ তাঁর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। কারও যদি লক্ষ্য থাকে মানবসম্পদে জীবন গড়ার, তাঁকে সাধুবাদ জানাব। কারণ মানবসম্পদ খুবই সময়োপযোগী ও চ্যালেঞ্জিং একটি পেশা। এ ক্ষেত্রে যে শুধু মানবসম্পদে পড়াশোনা করে আসতে হবে, তা কিন্তু নয়। যেকোনো বিষয়ে পড়াশোনা করে এবং মানবসম্পদ সম্বন্ধে ধারণা নিয়েই (বিভিন্ন বই ও ওয়েবসাইট) মানবসম্পদে ভালো করা সম্ভব।প্রশ্ন: মানবসম্পদে চাকরি (প্রাথমিক পর্যায়ের) দেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় সাধারণত বিবেচনা করা হয়?উত্তর: মানবসম্পদ এমন একটি পেশা, যা প্রতিষ্ঠানের মূল চালিকশক্তি, মানে এর কর্মচারীদের নিয়ে কাজ করে। তাই এ পেশায় যাঁরাই আসতে চাইবেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে যাচাই করা হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ের চাকরির ক্ষেত্রে দেখা হয়ে থাকে, প্রার্থী কতটা সাবলীল হতে পারবেন প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পাশাপাশি প্রার্থী আধুনিক নিয়মকানুন সম্বন্ধে কতটা ধারণা রাখেন, এসব বিষয় দেখা হয়ে থাকে।প্রশ্ন: যেকোনো চাকরিতে যোগদানের পরপর প্রতিষ্ঠানে কর্মসংশ্লিষ্ট যেসব প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, তার গুরুত্ব কতটুকু?উত্তর: প্রতিষ্ঠানের প্রশিক্ষণ মূলত তার কর্মচারীদের পেশার উত্কর্ষের জন্য হয়ে থাকে। তাই এর গুরুত্ব অবশ্যই আছে। যাঁরা নতুন চাকরিতে যোগদান করেছেন, তিনি যে বিভাগেরই হয়ে থাকুন না কেন, প্রতিষ্ঠানের কাজের ধরন, তাঁর কর্মপরিকল্পনা, লক্ষ্য নির্ধারণের মাপকাঠি ও প্রতিষ্ঠানের নিয়মকানুন বোঝার জন্য প্রশিক্ষণ সাহায্য করবে। প্রশ্ন: চাকরিপ্রার্থীর ফলাফল চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে?উত্তর: যেকোনো প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক আবেদন জমা পড়ে। তাই প্রাথমিক বাছাইয়ের জন্য প্রতিষ্ঠানগুলো ফলাফলকে একটি মানদণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। তাই প্রত্যেক শিক্ষার্থীরই উচিত হবে ন্যূনতম যে মানদণ্ড তা অর্জন করা। এ ছাড়া বর্তমান শিক্ষাব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে কেউ যদি কোনো বিষয়ে খারাপ ফলাফল করেন, সে বিষয়টিতে পুনরায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে উন্নয়ন সম্ভব। শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন শিক্ষাজীবন থেকেই চাকরির বিজ্ঞাপনগুলো পত্রিকা অথবা চাকরির ওয়েবসাইটগুলোতে দেখে নেন এবং সেভাবে নিজেদের প্রস্তুত করেন। প্রশ্ন: ফলাফলের পাশাপাশি কোনো প্রার্থীর অতিরিক্ত গুণাগুণের ওপর কতটা গুরুত্ব থাকে?উত্তর: একজন চাকরিপ্রার্থীর যখন অভিজ্ঞতা থাকে না অথবা তুলনামূলক কম থাকে, তখন এই অতিরিক্ত গুণাগুণ গুরুত্ব বহন করে। একজন প্রার্থী যখন ফলাফলের মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে মৌখিক বিবেচনার জন্য আসেন, তখন তাঁর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করা হয়ে থাকে (বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি)। কলেজ বা বিশ্ববিদ্যালয়জীবনে যেসব কর্মকাণ্ডের সঙ্গে প্রার্থী জড়িত ছিলেন, সেখানে তাঁর অবদান, দলগত সাফল্য বা ব্যর্থতা, অন্য সদস্যদের প্রতি তাঁর আচরণ ইত্যাদি বিষয়ও চাকরিদাতারা জানতে চান, যা গুরুত্বসহকারে বিবেচনা করেন চাকরি দেওয়ার ক্ষেত্রে।প্রশ্ন: একটি প্রতিষ্ঠানে নারীদের পেশা উন্নয়নের সুযোগ কতটা রয়েছে?উত্তর: বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থায় নারীদের ব্যাপক মর্যাদা ও অধিকার দেওয়া হয়ে থাকে, যা অন্য অনেক দেশের তুলনায় অনেক ভালো। প্রতিষ্ঠানগুলোও চেষ্টা করে প্রতিটি বিভাগেই নারী ও পুরুষদের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে এবং আমি দেখেছি, এতে প্রতিষ্ঠানের উত্কর্ষও বৃদ্ধি পায়। তাই এই উত্কর্ষসাধনের জন্যই প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে মেয়েদের পেশা উন্নয়নের দিকে নজর দিচ্ছে।প্রশ্ন: ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম অথবা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কারা অগ্রাধিকার পায়?উত্তর: ১৬-১৭ বছর আগে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় ধারণাটি নতুন ছিল, তখন চাকরিদাতাদের একমাত্র উপায় ছিল সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী হওয়া। কিন্তু আজকের প্রতিষ্ঠানগুলোতে চাকরিদাতারা কোন মাধ্যম বা কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থী এলেন, তার চেয়ে মনে হয় প্রার্থীর যোগ্যতাই বেশি বিবেচনা করে থাকেন।প্রশ্ন: যাঁরা নতুন করে পেশাজীবন শুরু করতে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে?উত্তর: পেশাজীবন শুরুর ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, তাঁরা যেন অবশ্যই লক্ষ্য নির্ধারণ করেন এবং সে অনুযায়ী নিজেদের তৈরি করে নেন। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া, প্রয়োজনবোধে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া, পেশাজীবনের শুরুতে নিজেকে উজাড় করে দেওয়া নিজের দায়িত্বের জন্য, প্রতিষ্ঠানে নিজের প্রয়োজনীয়তা কাজের মাধ্যমে তৈরি করে নেওয়া এবং প্রমাণ করা যে প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত।