২ ডিসেম্বর ২০১০। শীতের কোমল সকাল। ঠান্ডার বালাই নেই বললেই চলে। ঠান্ডার থরথর কাঁপুনি না থাকলে কী হবে, উত্তেজনার সুতীব্র শিহরণ ছিল ঠিকই। রাতে কারও ঘুম হয়নি। সকালের সূর্য উঠতেই ঢুলুঢুলু চোখে সবাই হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনে। সবাই এ বিভাগেরই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গন্তব্য টাঙ্গাইল জেলার মধুপুর। পাঠ্যক্রমের অংশ হিসেবে মধুপুর উপজেলার মান্দি (গারো) আদিবাসীদের ওপর ভৌগোলিক সমীক্ষা চালানোর উদ্দেশ্যেই সেখানে যাওয়া। চার দিনের সফর। বলা যেতে পারে ‘এক ঢিলে দুই পাখি মারা’। শিক্ষার পাশাপাশি ভ্রমণের আনন্দও উপভোগ করা। দ্বিতীয় বর্ষের ৭০ জন শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক হিসেবে ছিলেন বিভাগের শিক্ষক নাজনীন আফরোজ হক, জামাল খান, সিরাজুল ইসলাম, নাহিদ রেজওয়ানা ও মাকসুদুর রহমান।বাস চলতেই শুরু হয় তুমুল হর্ষধ্বনি। চলতি পথে কত ফুর্তিই না হলো। কেউ বা বেসুরো গলায় ধরলেন গান ‘গাড়ি চলে না, চলে না...’। সে গানে ছন্দ দিতে কেউ বা বাসের নিরীহ শরীরকেই বানিয়ে ফেলল বাদ্যযন্ত্র। গানের সঙ্গে নাচ না হলে কি আর জমে! যে যেভাবে পারলেন হাত-পা ছোড়াছুড়ি করেন সাম্বা কিংবা ব্যালে নৃত্যে ভ্রমণপথকে মাতিয়ে রাখলেন। দুপুর দুইটায় বাস পৌঁছে যায় মধুপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসির)। বাস থেকে নেমে কোনো কথা নেই, সবার চাই খাবার। খাওয়া ও বিশ্রাম শেষে পড়ন্ত বিকেল কাটে আশপাশে ঘোরাঘুরি করে। রাতে বসে স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গে পরিচিতিমূলক আলাপ। আদিবাসীদের জীবন-জীবিকার গল্প, ধর্ম-কর্ম, স্বপ্ন, সংগ্রাম, আচার-ব্যবহার আরও কত কি। এখন বাকি রইল সরেজমিনে পরিদর্শন। পরের দিন খুব সকালে নাশতা সেরেই দলে দলে বেরিয়ে পড়েন মান্দি আদিবাসীর ওপর ভৌগোলিক সমীক্ষা ও সামাজিক জরিপের কাজে। মোট সাতটি দলে ভাগ হয়ে যান সবাই। প্রতিটি দলে ছিল পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে। আর পথপ্রদর্শক হিসেবে প্রতিটি দলে ছিলেন একজন করে স্থানীয় আদিবাসী। দুপুর নাগাদ জরিপের কাজ শেষ করে সবাইকে ফিরে আসতে হলো বিএডিসির আবাসিক হলে। বিকেলে বসল জমজমাট ফুটবল খেলা। সফরের তৃতীয় দিনের শুরুতে পুরোনো মানচিত্র অনুযায়ী মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার বর্তমান অবস্থার সঙ্গে পরিচিত হলেন সবাই। সন্ধ্যায় বসে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, সংলাপ আর হরেক রকম আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে সেই সন্ধ্যা। সফরের শেষ দিনের শুরুতে সবাই ভিড় জমান মধুপুর উদ্যানে। উদ্যানের সবুজ আর পাখির মধুর কলকাকলিতে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যান সবাই। মান্দি আদিবাসীদের ওপর ভৌগোলিক সমীক্ষা ও সামাজিক জরিপের কাজ শেষে এবার বাড়ি ফেরার পালা। বাস চলছে ঢাকার উদ্দেশে। চলছে সুরে-বেসুরে গান। বাসের শরীর বাজছে বাদ্য হয়ে। বিরামহীন গান আর নাচের তালে তালে বাস পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তখন রাত নয়টা। শরীরে সবার একরাশ ক্লান্তি। কিন্তু প্রাণে অনাবিল আনন্দ। সবার মনে তখন একটাই অনুভূতি, আনন্দে আনন্দে শিখতে কতই না মজা।