
ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি একটা বিশেষ দিকে বিশেষ মনোযোগ ছিল সাদিদ আহমেদের। তা হলো ‘দৈনন্দিন খুটখাট’। এর অংশ হিসেবে বাসার সিডি প্লেয়ার, রি-চার্জেবল লাইট, টেলিভিশন সেট কোনো কিছুই তার হাত থেকে রক্ষা পেত না। প্রতিটা ইলেকট্রনিক জিনিস খুলে তা পর্যবেক্ষণ করা ছিল দিনের তার রুটিনের অংশ। মা-বাবার চোখে সেই অকাজের অভ্যাসটা বেশ ভালোই কাজে লাগছে প্রকৌশল পড়তে এসে। সারা দিনের ক্লাস শেষে ল্যাবের কাজ বেশ আনন্দ দেয় তাকে। সাদিদের মতো মাইশা জাহিন, তামান্না রাত্রি, ইমরান উদ্দিন, সাদিদ আহমেদ, সাদ্দাম হোসেনও বেশ উপভোগ করছেন ল্যাবের ব্যবহারিক ক্লাসগুলো। সবাই এখন কলেজ অব এভিয়েশন টেকনোলজির (ক্যাটেক) শিক্ষার্থী। পড়ছেন আকাশ শাসন করা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। প্রকৌশলের নতুন ধারার এই বিষয় সম্পর্কে বলেন মাইশা জাহিন, ‘আমাদের শেখানো হয় এয়ারক্রাফটের যান্ত্রিক, ইলেকট্রনিক ও রাডারের বিভিন্ন অংশের নির্মাণ, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ কৌশল। তাই আকাশযান চলে আসে আমাদের হাতের মুঠোয়।’ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল এই বিষয়ের বিভিন্ন সম্ভাবনার কথা। সময়ের অগ্রগতির সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। তরুণদের জন্য পেশাজীবনে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। প্রযুক্তি ও প্রকৌশলের বিষয়সমূহের সঙ্গে যুক্ত হয়েছে এই বিষয়টি।
এখন বাংলাদেশে এমআইএসটির পর বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পড়ার সুযোগ। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে এ বিষয়ে বিএসসি সম্পন্ন করা যাবে ক্যাটেক, উত্তরায়। আগ্রহীরা যোগাযোগ করতে পারো ০২-৮৯৯১৩৭১ অথবা, www.catechedu.com ওয়েবসাইটে।
এ ছাড়া প্রকৌশলের এই বিষয়টি নিয়ে পড়া যাবে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে।
ক্যাটেক থেকে এই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে চাইলে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন হতে হবে। ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ থাকতে হবে ন্যূনতম ৩.৫।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি সম্পন্ন করা প্রকৌশলীদের কাজ করার সুযোগ রয়েছে দেশে ও দেশের বাইরের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। সেই সঙ্গে তত্ত্বীয় পাঠ শেষে যোগ্যতা অনুযায়ী ‘অন জব ট্রেনিং’ করার সুযোগ রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানি ও বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে।