শিক্ষানবিশ চিকিৎসক-নির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা। ৫০০ শয্যার হাসপাতালটি ১০ বছর আগে এক হাজার ১০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু অবকাঠামো ও জনবল সুবিধা এখনো সেই মানে পৌঁছেনি। জনবল এখন ৫০০ শয্যার মান অনুযায়ীও নেই। একদিকে রোগীর চাপ ও অন্যদিকে চিকিৎসক-ঘাটতি মেটাতে নির্ভর করতে হচ্ছে শিক্ষানবিশ (ইন্টার্ন) ও অবৈতনিক (অনারারি) চিকিৎসকের ওপর। জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে প্রতিদিন গড়ে এক হাজার ৮০০ থেকে দুই হাজার রোগী চিকিৎসা নেন। কিন্তু স্বল্প জনবল দিয়ে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। নিয়মিত বেতনভুক্ত চিকিৎসকেরা অনেকে সময়মতো হাসপাতালে আসেন না বলেও অভিযোগ। এসব কারণে সিংহভাগ রোগীর চিকিৎসার জন্য মুখাপেক্ষী হতে হয় শিক্ষানবিশ ও অবৈতনিক চিকিৎসকের ওপর।বিষয়টি স্বীকার করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) সরোজ কুমার বড়ুয়া বলেন, ‘ইন্টার্ন ও অনারারি চিকিৎসক না থাকলে এত কম জনবল দিয়ে এ হাসপাতাল চালানো কঠিন হয়ে যেত। হাসপাতালটি এক হাজার ১০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী চিকিৎসক ও সেবিকার পদ সৃষ্টি করা হয়নি। তাই জোড়াতালি দিয়ে আমরা সেবা দিচ্ছি।’ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন প্রায় ১৭০ জনের মতো। এ ছাড়া বিভিন্ন কোর্সে অনারারি হিসেবে পড়ালেখা করছেন প্রায় ২০০ জন। এর বিপরীতে হাসপাতালে বেতনভুক্ত চিকিৎসক রয়েছেন মাত্র ১৮৩ জন। অথচ এক হাজার ১০ শয্যা অনুযায়ী এখানে চিকিৎসক থাকার কথা ৩২৭ জন। আর ৫০০ শয্যা অনুযায়ী থাকার কথা ২০৯ জন। উভয়ক্ষেত্রে চিকিৎসক-ঘাটতি যথাক্রমে ১৪৪ ও ২৬ জন। একইভাবে ৫০০ শয্যা অনুযায়ী সেবিকা অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী ঘাটতি রয়েছে প্রায় ৫০ জন। আর এক হাজার ১০ শয্যা অনুযায়ী সেবিকার পদ খালি প্রায় ২০০টি। বর্তমানে হাসপাতালে প্রায় ৪৫০ জন সেবিকা কর্মরত আছেন। অন্যদিকে তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদ খালি রয়েছে ২০০টি। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রতি ওয়ার্ডে সকালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শয্যা ঘুরে ঘুরে রোগী দেখেন। দুপুর আড়াইটার পর একজন সহকারী রেজিস্ট্রার ও আইএমও (ইনডোর মেডিকেল অফিসার) এবং অনারারি ও ইন্টার্নি চিকিৎসকেরাই বেশির ভাগ ওয়ার্ডে কর্তব্য পালন করেন। রাত হতে হতে দুজন ইন্টার্নি ও অনারারির ওপরই বর্তায় পুরো ওয়ার্ডের দায়িত্ব। তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ২৪ ঘণ্টা একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে সহকারী পরিচালক সরোজ কুমার বড়ুয়া বলেন, ‘চমেক হাসপাতাল থেকে আরও ভালো সেবা প্রত্যাশা করতে হলে পর্যাপ্ত চিকিৎসক ও সেবিকা দিতে হবে। এত কম জনবল দিয়ে আমরা হিমশিম খাচ্ছি।’রাতে কর্তব্য পালন করলেও কিছু কিছু চিকিৎসক ও সেবিকা রোগীদের দেখভাল করেন না বলে প্রায়ই রোগী ও অভিভাবকদের অভিযোগ। ভালো ব্যবহার পান না বলেও জানান তাঁরা। বছরখানেক আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণায় দেখা যায়, হাসপাতালের অন্তর্বিভাগে ৩১ শতাংশ রোগী চিকিৎসকদের নির্ধারিত পরিদর্শন শেষে সহযোগিতার প্রয়োজন থাকলেও তা আর পাননি। এ ছাড়া ৪৬ শতাংশ রোগী রাত ১২টার পর প্রয়োজনে চিকিৎসকদের সহযোগিতা পাননি। জ্যেষ্ঠ চিকিৎসকেরা রাতে হাসপাতালে আসেন না বলেও উল্লেখ করা হয়। অন্তর্বিভাগের ৬৭ দশমিক ৭৮ শতাংশ রোগী বলেন, তরুণ (জুনিয়র) ও শিক্ষানবিশ চিকিৎসকেরা কিছু জিজ্ঞেস করলে বকাঝকা করেন।