>হোলি আর্টিজানে জঙ্গি হামলাসহ দেশের সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে ভাবেন তরুণেরাও। দেশ–বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন কয়েকজন তরুণ লিখেছেন তাঁদের ভাবনা
এক বছর পরও হোলি আর্টিজানে হামলার ঘটনার কথা মনে হলে গায়ে কাঁটা দেয়। কোনো দিনও ভুলতে পারব না। কারণ এ ঘটনার পরোক্ষ শিকার আমার মতো তরুণ সমাজ।
তখন আমি অস্ট্রেলিয়ায় আসার জন্য ভিসার আবেদন করেছি মাত্র। এর মধ্যেই এ রকম ভয়ানক একটা ঘটনা ঘটার কারণে পুরো ভিসা প্রক্রিয়া পরিবর্তিত হয়ে যায়। বিশেষ একটি ফরম পূরণের জন্য আবার নোটিশ দেওয়া হয়। পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হয়। পিছিয়ে যায় আমার ভিসা পাওয়ার সম্ভাব্য সময়।
পুলিশ ক্লিয়ারেন্স আনতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি বলে ব্যঙ্গ করা হয়, দেখা হয় সন্দেহের দৃষ্টিতে।
দীর্ঘ প্রতীক্ষার পর ভিসা এল। চলে এলাম দূর দেশে। এখানে আমার ভার্সিটিতে নতুন নতুন বন্ধু হলো; যারা ভারত, চীন, নেপাল ও কেনিয়া থেকে এসেছে। অবাক লাগল, ওরা বাংলাদেশের নাম শুনেই ‘ঢাকা অ্যাটাক’-এর প্রসঙ্গ তুলল। আমার বিশ্ববিদ্যালয়ের নামও শুনল। ওরা আমাকে সহমর্মিতা জানাল। এমনকি আমাদের শিক্ষকেরাও পাশে দাঁড়ালেন। এরা অন্তত বুঝতে পেরেছে যে শিক্ষাপ্রতিষ্ঠান কখনো জঙ্গি তৈরি করে না।
সেদিনের ঘটনার রেশ অনেক দিন ভোগ করেছে আমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ। হতাশ হয়ে অনেকে দেশ ছেড়েছে। কিন্তু এভাবে দেশকে আমরা কি ভালো কিছু দিতে পেরেছি? আমার তো এখন মনে হয়, শুধু দায় এড়ানোর জন্য আমি এ দেশে এসেছি। বাস্তবতা বুঝি এখন। জীবন থেমে থাকে না।
লেখক: শিক্ষার্থী, লজিসটিকস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব ওলোঙ্গং, সিডনি, অস্ট্রেলিয়া