শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি
পূর্বনির্ধারিত ছুটি ছিল না। তবু গতকাল নগরের অনেক বেসরকারি বিদ্যালয় বন্ধ ছিল। সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ ও জনসভার কারণে যানজট ও গোলযোগের আশঙ্কায় বেশির ভাগ অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাননি।গতকাল সোমবার সকালে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ ছিল ফাঁকা। শিক্ষক-শিক্ষিকারা জানান, ছুটি ঘোষণা না করা হলেও গোলোযোগের আশঙ্কায় বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। তবে কাছে-পিঠে বাসা এমন দু-একজন শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছে। এই দিন বেশ কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেন ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ছেলেমেয়েদের স্কুলে না নিয়ে আসার অনুরোধ করা হয়। বিএনপির সমাবেশ স্থল রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠের আশপাশের স্কুলগুলোতে চলছিল অঘোষিত বন্ধ। এখানকার পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয় ও রেলওয়ে পাবলিক স্কুলে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হয়। পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পিংকি বলে, ‘সকালে আমরা কয়েকজন মাত্র বিদ্যালয়ে এসেছিলাম। ক্লাসের অনেকেই উপস্থিত ছিল না। উপস্থিতি কম দেখে স্যাররা ক্লাস হবে না বলে জানিয়ে দেন।’এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ হচ্ছে বলে দুর্ভোগ এড়াতে বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়েই আসেনি। উপস্থিত হয়েছে মাত্র ১০ থেকে ১২ জন। সমাবেশে আসা কর্মী-সমর্থকদের মিছিল মিটিং দেখে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠ পর্যন্ত এসে চলে গেছে। শিক্ষকেরা তাদের চলে যেতে বলেননি।’ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক উম্মে কুলসুম প্রথম আলোকে বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ ক্লাস হবে না বলে নোটিশ দেয়নি কিংবা কোনো ঘোষণা দেয়নি। কিন্তু শিক্ষকেরা জানিয়েছেন, রোডমার্চের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে না পারলে ক্লাস হবে না। যানজট ও গোলযোগের ভয়ে আমরা নিজেরাই ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছি না।’ বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) দিবা শাখার সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, ‘উপস্থিতির হার ছিল খুব কম। সব মিলিয়ে ১০ ভাগও হবে না।’ জামালখান মোড় এলাকার এজি চার্চ স্কুলের প্রধান শিক্ষিকা জেসিন্থা অধিকারী বলেন, ‘আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা স্কুলে এলেও দূরের এলাকার শিক্ষার্থীরা আসেনি।’ অনেক শিক্ষাপ্রতিষ্ঠনে হয়নি নির্ধারিত পরীক্ষাও। এ ব্যাপারে নসিরাবাদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মেনায়েম প্রথম আলোকে বলেন, ‘একাদশ শ্রেণীর দ্বিতীয় সাময়িকের যুক্তিবিদ্যার পরীক্ষা হওয়ার কথা ছিল বেলা দেড়টায়। কিন্তু ছাত্রীরা না আসায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’