শিক্ষাপ্রতিষ্ঠানে জলজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের মাঠটা যেন সমুদ্র। চারদিকে থইথই পানি। এরই মধ্যে জুতা হারিয়ে, জামা ভিজিয়ে ছুটছে শিশুর দল। কেউ আছাড় খেয়ে সাঁতার কাটছে। পানি ভেঙে ডাঙার দেখা পেলেই সমুদ্রজয়ের হাসি শিশুদের মুখে। ১২ জুলাই পশ্চিম মাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেল। বিদ্যালয়ে কেন এই জলজট? পঞ্চম শ্রেণীর ছাত্রী শারমিন আকতার, জুলিয়া ঝর্ণা, সুলতানা আকতার ও নওশিন তাসলিমা ‘কেন’র উত্তর জানে না। কেবল বলল, ‘প্রতিদিন ময়লা পানিতে আমাদের জুতা, মোজা ও জামা ভিজে যায়। পা ও শরীর চুলকায়। বাইরের রাস্তাঘাট শুকনা, কিন্তু বিদ্যালয়ে ঢোকার সময় ভিজতে হয়। খুব খারাপ লাগে।’ শিক্ষিকা মনোয়ারা বেগম অবশ্য জলজটের কারণ জানেন। তাই বললেন, ‘স্বাভাবিক জোয়ার ও বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও শ্রেণীকক্ষে পানি উঠে যায়। শ্রেণীকক্ষ ও কার্যালয়ের মূল্যবান শিক্ষা-উপকরণ ভিজে যায়। স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে ৭৩৪ জন শিক্ষার্থী নিয়ে অতিকষ্টে বর্ষা পার করছি।’এ বিদ্যালয়ের মতো নগরের প্রায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ষায় জলাবদ্ধতা হয়। এর মধ্যে আছে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও মহাবিদ্যালয়। কোনো বিদ্যালয়ে ৩০ মিনিট আবার কোথাও দুই-তিন ঘণ্টা পর্যন্ত পানি থাকে। ভরা কাঁঠালের সময় পানি বেশিক্ষণ স্থায়ী হয়। এতে ব্যাহত হয় শ্রেণীকার্যক্রম। বৃষ্টি হলেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ৫০-৬০ ভাগ কমে যায়।পশ্চিম মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা বলল, ‘বর্ষায় মাঠে অ্যাসেম্বলি ক্লাস ও খেলাধুলা করতে পারি না।’ প্রধান শিক্ষক মো. নুরুল হক চৌধুরী বললেন, ‘পানি ঢুকে পড়ায় নিচতলার কক্ষগুলো ব্যবহার করা যায় না। অফিসে হাঁটুসমান পানি, মূল্যবান কাগজপত্র নষ্ট হয়েছে। আমার জানামতে, নগরের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢোকে।’জলাবদ্ধতা অভিশাপ হয়ে উঠেছে সরকারি কমার্স কলেজের ছয় হাজার শিক্ষার্থীর জন্য। হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র আবদুল হালিম বললেন, ‘বর্ষায় আমাদের ক্যাম্পাসে প্রায় সময় জলাবদ্ধতা থাকে। একটু বৃষ্টি হলেই প্রবেশপথ ডুবে যায়। শ্রেণীকক্ষেও পানি ঢোকে।’ একই বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী মাসুকা আকতার পাশ থেকে টিপ্পনী কাটলেন—‘ফটকে প্রায় পানি থাকায় রিকশায় করে (পাঁচ টাকা ভাড়া) রাজকীয় বেশে ক্যাম্পাসে ঢোকা যায়।’ তাঁর অপর দুই বান্ধবী সঞ্চিতা দত্ত ও সুমী দাশ বললেন, ‘বর্ষায় বাইরে বসার একটু জায়গা পাওয়া যায় না। জলাবদ্ধতা নয়, আমরা শুষ্ক ও সুন্দর ক্যাম্পাস চাই।’ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘নিচতলার প্রতিটি ভবন ও শ্রেণীকক্ষে প্রায় নোংরা ও কাদাপানি মাড়িয়ে যেতে হয়। এ বর্ষায় শ্রেণীকক্ষে আটবার পানি ঢুকেছে। আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরে এ সমস্যার কথা বার বার জানিয়েও প্রতিকার পাইনি।’ জলাবদ্ধতার জন্য এ বর্ষায় বেশ কয়েকবার শ্রেণীকার্যক্রম বন্ধ রাখতে হয়েছে পাঠানটুলী ও মোগলটুলী এলাকার খাজা আজমিরি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পাঠানটুলী সিটি করপোরেশন বালক ও বালিকা উচ্চবিদ্যালয়, গ্রিনকার্ড প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদার্সা কেয়ার স্কুল, মোগলটুলী জমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খান সাহেব সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে। খাজা আজমিরি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তারিক নাছিরের মা মনোয়ারা বলেন, ‘প্রতিদিন পানি ওঠে। বাচ্চাকে কোলে করে স্কুলে নিতে হয়। খুব ঝামেলা।’ খাজা আজমিরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চেমন আরা বেগম বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমাদেরও ক্লাস বর্জন করতে হয়েছে। নোংরা পানি মাড়ানোয় শিক্ষার্থীদের হাতে-পায়ে খোস-পাঁচড়া দেখা দিচ্ছে।’ পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের ছাত্র মো. পারভেজ ও মেহেদী হাসান বলল, ‘কয়েকদিন আগে বৃষ্টি থাকায় ক্লাসে ১০-১৫ জনের বেশি ছাত্র আসেনি। তাই পাঁচ ঘণ্টা পর ছুটি হয়ে যায়।’ সংশ্লিষ্ট লোকজন জানান, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও জোয়ারের পানিতে বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, কাপাসগোলা সিটি করপোরেশন প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয়, আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়, হাসনাহেনা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়, এস্টেট কোয়েস্ট স্কুল অ্যান্ড কলেজ, মেরনসান স্কুল অ্যান্ড কলেজে পানি ওঠে। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম বলেন, ‘জাল ফেলে আমাদের বিদ্যালয়ের বারান্দা, শ্রেণীকক্ষ ও মাঠ থেকে বোয়াল, মাগুর ও কাতলমাছ ধরেছেন স্থানীয় লোকজন। এ বর্ষায় ১০ দিন ক্লাস বর্জন করতে হয়েছে।’ তিনি বলেন, ‘অনুমতি পেলে আগামী বছর থেকে গ্রীষ্মের ছুটি বর্ষায় নিয়ে আসব।’নগর পরিকল্পনাবিদ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের জলাবদ্ধতা পুরো চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে পৃথক করে দেখার সুযোগ নেই। চট্টগ্রামের ড্রেনেজ (মাস্টারপ্ল্যান) মহাপরিকল্পনা অনুযায়ী নতুন খাল খনন ও পুরোনো খাল সংস্কার করে স্লুইসগেট বসালে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।’ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। স্থায়ী সমাধানের জন্য ৩২টি খালে স্লুইসগেট স্থাপন করতে হবে। ভবিষ্যতে খালগুলো আমরা এস্কেবেটর (খননযন্ত্র) দিয়ে খনন করব। এতে জলাবদ্ধতা কিছুটা কমবে।’