শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা ৮ জুন থেকে শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।
‘মাদককে না বলুন’ স্লোগানে প্রথম দিন সমাবেশ অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কবির, কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রকল্প কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, লেদা উচ্চবিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন, নয়াবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি বড়ুয়া, শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর, সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজদ্দৌলা, অভিভাবক সোলতান আহমদ, মনির আহমদ, গিয়াস উদ্দিন চৌধুরী, আবুল হোসেন, নুরুল আমিন প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার জানান, পর্যায়ক্রমে উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে।
অভিভাবকেরা জানান, ইয়াবাসহ মাদক বিস্তারের কারণে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এ নিয়ে তাঁরা শঙ্কিত। মাদকের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীরা জানায়, ইয়াবার অপবাদ থেকে তারা রেহাই চায়। এই অপবাদ নিয়ে তারা আর চলতে চায় না। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মাথা উঁচু করে বাঁচতে চায়।
প্রধান অতিথি শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ইয়াবাসহ যাবতীয় মাদককে না বলুন। কিছু মাদক ব্যবসায়ীর কারণে পুরো টেকনাফবাসীকে অপবাদের বোঝা টানতে হচ্ছে। এ মাদককে প্রতিরোধ করতে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।