কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক সমুদ্র উপকূলের খাসজমিতে নদীভাঙনের শিকার ও ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো লোকজনের বসবাস। ওই এলাকার এমন ১৬টি মহল্লায় (গ্রাম) এসব ভাসমান মানুষের বসবাস। এসব মহল্লায় পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় বেশির ভাগ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
ওই এলাকায় কয়েকটি বেসরকারি সংস্থা পরিচালিত একটি িবদ্যালয়, দুটি মাদ্রাসা ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অল্প কিছু শিশু পড়াশোনা করলেও অধিকাংশ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেছে। দিনমজুরি করে, সাগরে মাছ ধরে ও শুঁটকিপল্লিতে কাজ করে জীবিকা নির্বাহ করে এই এলাকার মানুষ। পরিবারকে সাহায্য করার জন্য অধিকাংশ শিশুও নানা ঝুঁকিপূর্ণ পেশায় জড়িত হয়ে পড়ছে। সরেজমিনে দেখে ও এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
এই এলাকার বাসিন্দারা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের হিসেবে নাজিরারটেকে প্রায় ৫০ হাজার ভাসমান মানুষজনের মধ্যে ১২ হাজারই শিশু। তবে ১৬টি মহল্লায় ঠিক কত মানুষ বসবাস করছে, কোনো সরকারি-বেসরকারি সংস্থার কাছে সে–সংক্রান্ত কোনো জরিপ নেই। স্থানীয় লোকজন জানান, মহল্লাগুলোর প্রায় ১০ হাজার শিশু বিদ্যালয়ে যায় না। পড়াশোনার বদলে চিংড়ির পোনা শিকার ও ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গে জড়িয়ে পড়েছে এই শিশুরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নাজিরারটেক এলাকায় বসরকারি সংস্থা কোডেকের ১৮টি শিখন িবদ্যালয় আছে। সব মিলিয়ে এসব বিদ্যালয়ে পড়ছে প্রায় সাড়ে ৫০০ শিশু। এ ছাড়া এই এলাকার কুতুবদিয়াপাড়া উপকূলীয় বহুমুখী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৩৫২, উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনে ২৫০, দারুল কুতুব একাডেমিতে ৩০০ ও কুতুবদিয়াপাড়া মহিউসসুন্নাহ মাদ্রাসায় ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সব মিলিয়ে প্রায় দুই হাজার শিশুর পড়ার ব্যবস্থা থাকলেও বাকি ১০ হাজার শিশু বিদ্যালয়ে যায় না।
গত ২৭ অক্টোবর সকালে নাজিরারটেকের সমিতিপাড়া সৈকতে গিয়ে দেখা গেছে, প্রায় ৪০ জন শিশু নিষিদ্ধ জাল দিয়ে উপকূলে চিংড়ি পোনা ধরছে। পাশের কুতুবদিয়াপাড়া, নাজিরারটেক, ফদনারডেইল সৈকতেও দেখা মিলেছে একই চিত্র। এ ছাড়া এখানকার প্রচুর শিশু শুঁটকি মহালেও শ্রমিকের কাজ করছে।
নাজিরারটেক এলাকার একটি মহল্লায় থাকে মদিনা বেগম (১৪)। সে জানায়, চার বছর আগে তার বাবা ফিরোজ আহমদ ট্রলারডুবিতে নিখোঁজ হন। এরপর থেকে তারও স্কুলে যাওয়া বন্ধ। এখন মায়ের সঙ্গে শুঁটকি মহালে কাজ করে সে। দৈনিক মজুরি পায় ১৫০ টাকা। মদিনার বেগমের মা সামছুন্নাহার বেগম বলেন, ‘গরিবের ছেলেমেয়েরা পড়ালেখা করলে কাজ করবে কে? অভাব না থাকলে মেয়েটার লেখাপড়া বন্ধ করতাম না।’
বেসরকারি সংস্থা কোডেকের প্রশিক্ষণ কর্মকর্তা সুবিমল পাল বলেন, এ উপকূলের প্রায় ৯৩ শতাংশ মানুষ নিরক্ষর। এলাকার কয়েক হাজার শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘সমুদ্র উপকূলীয় এই ওয়ার্ডের আওতাধীন ১৬টি মহল্লায় প্রায় ৫০ হাজার জলবায়ু উদ্বাস্তু ও ভাসমান লোকের বসবাস। এর মধ্যে প্রায় ১২ হাজার শিশু। শিশুদের মধ্যে দুই হাজার পড়ালেখা করলেও আরও অন্তত ১০ হাজার সে সুযোগ থেকে বঞ্চিত।’
আকতার কামাল বলেন, যেসব শিশু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণি পাস করছে, তারাও ঝরে পড়ছে। কারণ, শ্রমজীবী মানুষজনের পক্ষে ছেলেমেয়েদের শহরের বিভিন্ন স্কুলে ভর্তি করানো সম্ভব নয়।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, ১ নম্বর ওয়ার্ডের অর্ধলক্ষ ভাসমান মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত। এখানকার ঝরে পড়া শিশুদের শহরের বিভিন্ন স্কুলে পড়ানোর সুযোগ সৃষ্টির চেষ্টা চলছে।
কক্সবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আহামদ চৌধুরী বলেন, সরকারি খাসজমিতেই ভাসমান লোকগুলোর বসতি। সেখানে সরকারি বিদ্যালয় স্থাপনে জটিলতা আছে। তারপরও বিষয়টি বিবেচনা করা হবে।