শিক্ষাবিষয়ক তথ্য নিয়ে চালু হলো এডুকেশন ডাইরেক্টরি
অনলাইনে শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্যসেবা নিয়ে চালু হয়েছে নতুন একটি ওয়েবসাইট। এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ এডুকেশন ডাইরেক্টরি। ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরা যাতে এক জায়গায় সব তথ্য পেতে পারেন সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাইটটি তৈরি করেছে চট্টগ্রামের এবিসি ট্রেড পাবলিকেশনস।
সাইটটির মাধ্যমে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণকেন্দ্রসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের প্রোফাইল নিজেরাই তৈরি করতে পারবে। এতে বিনা মূল্যে নিবন্ধন করে একটি প্রতিষ্ঠান তার সেবাগুলো তুলে ধরতে পারবে।
বর্তমানে সাইটে তিন ধরনের সদস্য পদ চালু রয়েছে। স্টুডেন্ট ভিসা সার্ভিস প্রোভাইডার, এনজিও, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানও নিজেদের পরিচিতি ও সেবা তুলে ধরতে পারবে এবং যেকোনো সময় তা সম্পাদনা (এডিট) করার সুবিধা থাকবে নিজেদের হাতেই। ইতিমধ্যে নূন্যতম মূল্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান এ সাইটে তাদের প্রোফাইল খুুলেছে।
সাইটে ছাত্রদের জন্য রয়েছে ‘ফোরাম’ অপশন। এতে তাঁরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের শিক্ষাব্যবস্থা সর্ম্পকে মন্তব্য লিখতে পারবেন। নিবন্ধন করে একটি প্রতিষ্ঠান তার পরিচিতি, ঠিকানা, ক্লাস রুটিন, ফলাফল, শিক্ষার্থীদের ছবি ও তথ্য, শিক্ষকদের বৃত্তান্ত, ক্লাসের লেকচারও আপলোড করতে পারবে।
এ ছাড়াও থাকছে শুভেচ্ছা বাণী (ওয়েলকাম ম্যাসেজ) এবং প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরার ব্যবস্থা। সারা বছর এ সুবিধা ব্যবহারের জন্য প্রতিষ্ঠানকে কোনো ফি দিতে হবে না বলে জানা গেছে। সাইটের ঠিকানা:
www.educationdirectory.com.bd.