শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী করতে হবে

জন্ম ও মৃত্যুহার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের দেশগুলো এখন এমন একটি সময় অতিবাহিত করছে, যখন কর্মক্ষম মানুষের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। কিন্তু তারপরও আমাদের দেশে বহু তরুণ-তরুণী বেকার। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মীর সামছুল আলমের সঙ্গে।
প্রথম আলো: এখন বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ কর্মক্ষম। কিন্তু সেই অনুপাতে চাকরির সংখ্যা কম। কর্মসংস্থান বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে?
মীর সামছুল আলম: কর্মক্ষম তরুণদের কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। তরুণদের মাঝে অনেকেরই ক্যারিয়ার প্ল্যান নেই। একজন মানুষ যদি বুঝতে না পারেন যে তিনি কী করতে ভালোবাসেন, তবে তাঁর ভুল জায়গায় ক্যারিয়ার শুরুর আশঙ্কা থাকে। তাই সবার আগে ঠিক করতে হবে ক্যারিয়ার প্ল্যান এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। এ ছাড়া আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও কর্মমুখী করার ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যারিয়ার কাউন্সেলিং ডিপার্টমেন্ট থাকা প্রয়োজন। শৈশব থেকেই ক্যারিয়ার প্ল্যান ঠিক করে সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করলে কর্মজীবনে চলার পথ অনেক সহজ হয়।
প্রথম আলো: চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রায় সময়ই অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়। সদ্য পড়ালেখা শেষ করা একজন প্রার্থীর জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা কি একটা বাধা নয়?
মীর সামছুল আলম: চাকরি পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে আমরা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। যদি বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদটি কোনো উচ্চ পদ হয়, তবে প্রতিষ্ঠান স্বভাবতই একজন অভিজ্ঞ ব্যক্তিকে সেই পদের জন্য নির্বাচন করবে। আর যদি পদটি যদি এন্ট্রি লেভেলের বা প্রাথমিক পর্যায়ের হয়, তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার ওপর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। তবে যদি কোনো প্রার্থীর যেকোনো ধরনের কাজের অভিজ্ঞতা থাকে, তবে তিনি মৌখিক পরীক্ষায় অনেকটা সাবলীল থাকেন; যা তাঁকে চূড়ান্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রথম আলো: অনেক প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২৫-২৮ বছর বেঁধে দেয়। এতে অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও ওই চাকরির জন্য আবেদন করতে পারেন না। এটাকে আপনি কীভাবে দেখেন?
মীর সামছুল আলম: হ্যাঁ, চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় ধরনের প্রতিবন্ধকতা। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেশনজট একটি কমন সমস্যা। শিক্ষার্থী পড়াশোনা শেষ করে কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য তাঁর হাতে খুব কম সময় থাকে। বয়সসীমা বেঁধে দিলে অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত চাকরির জন্য আবেদনও করতে পারেন না।
প্রথম আলো: প্রথম দিকে একজন চাকরিজীবীর বেতন বেশির ভাগ প্রতিষ্ঠানে ৮-১০ হাজার টাকা ধরা হয়। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তা কতটা যৌক্তিক?
মীর সামছুল আলম: যদি বাজারে চাকরির সুযোগের তুলনায় চাকরিপ্রার্থীর সংখ্যা বেশি হয়, তবে চাকরিদাতা বেতনে দর-কষাকষির ক্ষেত্রে শক্ত অবস্থানে থাকেন। এ ক্ষেত্রে বেশি বেশি চাকরির বাজার সৃষ্টি করতে পারলে চাকরিপ্রার্থীরা উপকৃত হবেন। অনেক প্রতিষ্ঠান আছে, যারা বেতন ছাড়াও অন্যান্য সুবিধা দিয়ে থাকে; যেমন—যাতায়াত ভাতা, খাওয়ার সুবিধা ইত্যাদি। এগুলো এক করলে দেখা যায় যে কোনোভাবেই কর্মীর বেতন ৮-১০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু প্রতিষ্ঠান আছে, যারা এন্ট্রি লেভেলে ২০ হাজারেরও বেশি টাকা বেতন দিয়ে চাকরিতে যোগদানের সুযোগ দেয়। কিন্তু পরবর্তী সময়ে তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কিংবা ক্যারিয়ার গ্রোথ তেমন হয় না। এ ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, প্রাথমিক অবস্থায় বেতনের দিকে গুরুত্ব কম দিয়ে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু ও কাজ শেখার সুযোগের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে।
সাক্ষাৎকার নিয়েছেন মোছাব্বের হোসেন