শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। পাঠদান শেষে মাঠে অবস্থান করছিল প্রভাতি শাখার শিক্ষার্থীরা। হঠাৎ পেছন থেকে ডাক, ‘মা’রা তোমরা কেমন আছ? তোমাদের লেখাপড়া কেমন হচ্ছে?’ ঘাড় ফেরাতেই ভিরমি খাওয়ার অবস্থা। অবাক কাণ্ড, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সাড়া পড়ে গেল শিক্ষার্থীদের মধ্যে। সবাই গোল করে ঘিরে ধরল তাঁকে। শিক্ষার্থীদের মধ্যে সেকি উচ্ছ্বাস!
গত সোমবার তিন দিনের সফরে কক্সবাজার আসেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি দুটি উচ্চবিদ্যালয় ও একটি কলেজে ঝটিকা সফর করেন। এ ছাড়া গতকাল বুধবার দুপুরে তিনি কক্সবাজার শহরের কলাতলীতে প্রতিষ্ঠিত কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন।
মঙ্গলবার প্রথমে যান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। মাঠে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ সেরে শিক্ষামন্ত্রী অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকে ছাত্রীদের পাশে বসে পড়েন এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ ও আধুনিক পদ্ধতির শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের আঞ্চলিক উপপরিচালক মো. আজিজ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী হঠাৎ করেই বিদ্যালয় পরিদর্শনে আসেন। ২০ মিনিট অবস্থানকালে মন্ত্রী ছাত্রীদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন। পরম স্নেহে ছাত্রীদের মাথায় হাত বুলিয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাগিদ দেন। এতে ছাত্রীরা মহা খুশি।
বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান বলে, ‘এত দিন আমরা শিক্ষামন্ত্রীকে টেলিভিশনে দেখে আসছি। কিন্তু আজ হঠাৎ করেই তাঁকে কাছে পেয়ে গেলাম। এই স্মৃতি ভোলার নয়।’ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনীম নাওয়াল জানায়, তাঁকে দেখে মনে হয়নি তিনি (শিক্ষামন্ত্রী) সরকারের একজন মন্ত্রী। তাঁর মধ্যে কোনো অহংকার নেই।
শিক্ষামন্ত্রী এরপর শহরের ঝিলংজা এলাকায় কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী যান শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শত বছরের পুরোনো বিদ্যাপীঠ রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে। সেখানেও তিনি শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম এ সময় মন্ত্রীকে বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন প্রমুখ।
এরপর শিক্ষামন্ত্রী উপজেলার উত্তর মিঠাছড়ি পাহাড় চূড়ায় স্থাপিত এশিয়ার বৃহৎ ১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তি পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুন প্রজন্মকে আমরা গড়ে তুলতে চাই বাংলাদেশের নির্মাতা হিসেবে। এ জন্য সরকার বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে। পাশাপাশি শিক্ষকদেরও বিশ্বমানের শিক্ষাব্যবস্থায় নিয়ে যেতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’