শিক্ষার আলো ছড়ানোর প্রতিশ্রুতি
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা এখন গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের কাছ থেকেই চা-বিস্কুট খেয়ে অন্তরঙ্গ আলাপের মাধ্যমে ভোট চাইছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের অধিকাংশই বলছেন, প্রথম কাজ হবে মাদক নির্মূল করা। এ ছাড়া শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকায় প্রচারণার সময় কথা হয় সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ারা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ ভাগ লোক এখনো শিক্ষার আলো পায়নি। এখানকার লোকজন প্রয়োজনীয় স্বাস্থ্যসুবিধা থেকে বঞ্চিত। শিক্ষার আলো ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে এসব পরিবারের দুঃখের দিন শেষ হবে।’ একই ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী মদিনা বেগম বলেন, ‘ওয়ার্ডের বিভিন্ন স্থানে মাদকের ছড়াছড়ি। নির্বাচিত হলে এ ভয়াবহতা রোধ করা হবে। ’৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী লতিফা বেগম বলেন, এখানকার অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই নাজুক, যা সংস্কার ও মেরামতের মাধ্যমে উন্নয়ন করা হবে। একই ওয়ার্ডের অপর প্রার্থী নিলু আকতার বলেন, ‘মাদক নির্মূল করা হবে। নারীর ভাগ্য উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেব।’ ৪, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী নাছিমা আক্তার বলেন, ‘গত পৌর নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি।’ একই ওয়ার্ডের প্রার্থী শাহনাজ বেগম বলেন, ‘ওয়ার্ডে নারীশিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব।’