রাঙ্গুনিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেছেন, পৌর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া স্বাস্থ্য, স্যানিটেশন, রাস্তাঘাট, সেতু-কালভার্টসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে রাঙ্গুনিয়া পৌরসভাকে প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার উন্নয়নের লক্ষ্যে রাঙ্গুনিয়ার সাংসদ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ১৯টি পৌরসভার সঙ্গে রাঙ্গুনিয়া পৌরসভাকেও অন্তর্ভুক্ত করেছেন। যার সুফল শিগগিরই পেতে শুরু করবেন পৌরবাসী। এক বছরের মধ্যেই পৌরসভার অবকাঠামোগত চেহারা পাল্টে যাবে। তিনি সম্প্রতি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একান্ত সাক্ষাৎকারে প্রথম আলোকে এসব কথা বলেন। খলিলুর রহমান চৌধুরী বলেন, ২০০১ সালে রাঙ্গুনিয়া পৌরসভা গঠন করা হলেও উন্নয়ন বলতে তেমন কিছু হয়নি। ২০০২ সালে প্রথম নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রচেষ্টায় দ্বিতীয় শ্রেণীর মর্যাদা লাভ করে রাঙ্গুনিয়া পৌরসভা। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পৌরসভার প্রধান সড়কগুলোর সংস্কারকাজ করা হয়। এখনো বিভিন্ন খাল ও নদীর ওপর নির্মিত সেতুগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। অপরিকল্পিতভাবে গড়ে তোলা কয়েকটি সেতু পুনরায় সংস্কারের প্রয়োজন রয়েছে। ইছামতি নদীর ভাঙন রোধে খনন (ড্রেজিং) করা প্রয়োজন। এসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, পৌরসদর মুরাদনগর এলাকা প্রতিবছর বর্ষায় ইছামতি নদীর ঢলের পানিতে তলিয়ে যায়। ভাঙন ও ঢল থেকে বাঁচাতে কুরমাইখালের স্লুইসগেট থেকে এক কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ প্রয়োজন। এ ছাড়া পৌরসভার হাট-বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এখন তা হবে না, পৌরসভা থাকবে সবসময় সুন্দর ও পরিচ্ছন্ন। নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবাও। শিশুদের জন্য গড়ে তোলা হবে বিনোদনকেন্দ্র। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাঙ্গুনিয়া পৌরসভার শিক্ষার হার ৭৩ শতাংশ। আগামী পাঁচ বছরের মধ্যে তা শতভাগে উন্নীত করতে যা কিছু দরকার সবই করা হবে। বিশেষ করে পৌরসভার সব শিশুকে বিদ্যালয়মুখী করার উদ্যোগ নেওয়া হবে। সব প্রাথমিক, উচ্চবিদ্যালয় ও ধর্মীয় শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হবে। বয়স্কদেরও মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে। পৌরসভার সব ওয়ার্ডে সড়কবাতি লাগিয়ে আলোকিত করা হবে। দলমত-নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, রাঙ্গুনিয়া পৌরসভার উন্নয়নে এখন আর কোনো বাধা নেই। রাঙ্গুনিয়ার মানুষ গত সংসদ নির্বাচনে এমন একজন সাংসদ নির্বাচিত করেছেন যিনি শুধু রাঙ্গুনিয়ার উন্নয়ন নয় দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। উল্লেখ্য, ২০০০ সালে পৌরসভা ঘোষিত হওয়ার পর খলিলুর রহমান চৌধুরী পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এক বছর। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি। ১৮ জানুয়ারির নির্বাচনে ছয় হাজার ৭৫৩ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন।