শিক্ষার আলো জ্বেলে ৫০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর নয়, খেলা করছিল রঙিন স্বপ্নেরা। ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) প্রাঙ্গণের গোলচত্বরটি ছাত্রছাত্রীদের সুনিপুণ হাতের স্পর্শে পরিণত হয়েছিল যেন এক পদ্মপুকুরে। ৫০তম জন্মদিনের আয়োজন বলে কথা! লাল, নীল বেলুনে অপরূপ রঙে সেজে উঠেছিল আইইআর প্রাঙ্গণ।শিক্ষায় গৌরবের ৫০ বছরে পা দেওয়া এ ইনস্টিটিউটটির সুবর্ণজয়ন্তীর মূল স্লোগান ছিল ‘উৎকৃষ্ট শিক্ষায় উন্নত জীবন’। সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক অহিদুজ্জামান বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে আইইআর আজ ৫০তম বর্ষে পদার্পণ করেছে। এই যাত্রাপথের সঙ্গে শুরু থেকে আজ পর্যন্ত যাঁরা যুক্ত আছেন বা ছিলেন, সবাই আধুনিক ও জীবনঘনিষ্ঠ শিক্ষা নিয়ে গবেষণা করছেন। যে শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে। এ শিক্ষা আমাদের জীবনকে করবে উন্নত। আইইআর সেই উন্নত জীবনের জন্য উৎকৃষ্ট শিক্ষা দেয়।’শিক্ষা যেকোনো গুরুগম্ভীর ও একঘেয়ে নয়, উৎসব আর আনন্দের বিষয়ও। সেই ছবিই আঁকা ছিল সেদিন আইইআর প্রাঙ্গণজুড়ে।আগের দিন পুরো রাত জেগে রঙে রঙে রাঙিয়ে তোলা হয়েছিল প্রাঙ্গণ। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় অনুষ্ঠানের প্রস্তুতি। লাবনী, সাবরিনা ও ছন্দা সবাই মিলে পরেছে শাড়ি। ১৪তম ব্যাচের নাঈমা আর তৃণার তো তর সইছে না। ১০টার আগেই তাঁরা পৌঁছে গেছেন উৎসব প্রাঙ্গণে। মারুফ, মামুন, জসিম ও মোশতাক সবাই একরকম টি-শার্ট পরে একযোগে হাজির।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বর্ণিল শোভাযাত্রার, ব্যান্ড দলের বাজনার সঙ্গে আরও এক ধাপ উৎসবের বাদ্যে যোগ করল কারও কারও হাতের বাঁশিখানা। বাঁশি হাতে পাওয়া গেল ইকবালকেও। আইইআরের ৫০তম জন্মদিনে শিক্ষার্থী হিসেবে নিজেকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল সে।শুধু নবীনেরাই নয়, ছিলেন প্রবীণেরাও। ছাত্রজীবনের স্মৃতি খুঁজতে ছুটে এসেছিলেন বিকাশ, সাদাত ও খায়রুল ইসলামও। পুরোনো বন্ধুদের পেয়ে হয়ে উঠেছিলেন সেই সময়ের তরুণ। সকালের অনুষ্ঠানের অংশ ছিল আলোচনা সভা।দুপুরের খাবারের পর শুরু হলো নাচ-গানে ভরপুর সত্যিকারের আড্ডা। হাসান, সিফাতের দ্বৈত গান ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ বেশ জমে উঠেছিল। নৃত্যশিল্পী না হলেও কেয়ার নৃত্য সবার আলাদা মনোযোগ কাড়ল।বিকেলের অধিবেশনে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দেওয়া হলো। মুসা আইইআরের প্রাক্তন শিক্ষার্থী।সন্ধ্যায় ছিল আলোর ঝিকিমিকি। প্রাক্তন শিক্ষার্থী জয়, কস্টার শুভ আর পারভেজের গানে গানে ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত।সুবর্ণজয়ন্তীর প্রথম দিনের আয়োজনটা শেষ হয়েছিল নাচে নাচে, গানে গানে। পদ্মপুকুরের চারধারে তখনো জ্বলছিল প্রদীপের আলো। যে আলো জ্ঞানের আলো হয়ে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।