শিক্ষার আলোয় ভিনদেশে
৭ জুন। ঘড়িতে তখন দুপুর ঠিক ১২টা। বিকেল চারটায় আমরা পৌঁছালাম করাচিতে। পাকিস্তান সরকারের আমন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী ও একজন শিক্ষকসহ মোট ২০ জনের একটি দল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগ দিতে গেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। এ প্রোগ্রামে আমি সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটির প্রতিনিধিত্ব করেছি। আমরা ৭ থেকে ২০ জুন পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক স্থান ও জাদুঘর ঘুরে দেখেছি।পরদিন করাচি থেকেই শুরু হলো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থান ঘুরে দেখার পালা। করাচিতে আমরা ছিলাম তিন দিন। সেখানে আমরা এনইডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে গেলাম। কীভাবে একটি পণ্য কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে পরিণত হয় তা দেখলাম। তারপর আমরা আগা খান, করাচি ও গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি।করাচি থেকে এবার তিন দিনের জন্য গেলাম লাহোরে। লাহোরকে বলা হয় ‘হার্ট অব দ্য পাকিস্তান’। এ শহর আমাকে আসলেই অনেক বেশি মুগ্ধ করেছে। সেখানে আমরা সেন্ট্রাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, স্যার আল্লামা ইকবাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল কলেজ অব আর্টস, পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ও লাহোর বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। লাহোরে আমরা শালিমার গার্ডেনে, লাহোর ফোর্ট, বাদশাহি মসজিদে গিয়েছি।এরপর ছয় দিনের জন্য আমরা রওনা হলাম ইসলামাবাদে। এখানেও আমরা কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (নাস্ট), ফাতিমা জিন্নাহ মহিলা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাংগুয়েজেস, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। তারপর কিং ফয়সাল মসজিদ, তক্ষশীলা, কালচারাল হেরিটেজ জাদুঘর, মারি, ন্যাশনাল পাকিস্তান মনুমেন্ট ঘুরে দেখেছি। মারিতে আমরা কেব্ল কারে চড়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়েছি। প্রকৃতির অপার সৌন্দর্য আমরা মারিতে গিয়ে উপভোগ করেছি।এই কদিন আমাদের চলতে হয়েছিল বেশ রুটিনমাফিক। নতুন একটি দেশে এসে আমাদের হয়েছে নতুন অনেক বন্ধু ও অনেক অভিজ্ঞতা। অন্য এই দেশে পাকিস্তানিদের আতিথেয়তা আমাদের অনেক ভালো লেগেছে। তারা সবাই আমাদের খুব আপন করে নিয়েছিল।বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছি। পাকিস্তানি শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানে না। অনেকেই বাংলাদেশকে চিনেছে এশিয়া কাপ ক্রিকেটের সময়। আবার, কেউ কেউ বিস্তারিতভাবেও জানে। তারা বাংলাদেশে আসতে চায় এবং বাংলাদেশ সম্পর্কে আরও জানতে চায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় করার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পাকিস্তানি শিক্ষার্থীরা জানায়, এ বিষয় নিয়ে তারা খুবই ব্যথিত। পুরো বিষয়টি ঘটেছিল সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে।পাকিস্তানিদের শিক্ষাব্যবস্থা আমাদের বেশ নজর কেড়েছে। তারা পশ্চিমা দেশের শিক্ষাকে অনুকরণ করে নিজ দেশের উপযোগী বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে।আমরা কয়েকজন পাকিস্তানি চ্যানেল সি-৪২ ও বিভিন্ন রেডিওতে সাক্ষাৎকার দিয়েছিলাম। সে ছিল এক দারুণ অভিজ্ঞতা! প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোয় দেখলাম, শিক্ষার্থীদের প্রযুক্তি-উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। একটি বিশ্ববিদ্যালয়ে দেখলাম, একজন শিক্ষার্থী আইফোন অ্যাপলিকেশন তৈরি করেছে এবং তা প্রয়োগ করার জন্য সে ১০ জন শিক্ষার্থী নিয়োগ দিয়েছে। সেখানে দেখলাম, রোবটের মাধ্যমে শরীরের সবকিছু পরীক্ষা করার উপায়ও তারা বের করেছে।এভাবে নানা জায়গা ঘুরতে ঘুরতে একসময় আমাদের বিদায়-ঘণ্টা বেজে গেল। ২০ জুন করাচি থেকে ঢাকার উদ্দেশে আমরা পাকিস্তানকে বিদায় জানালাম। ফিরে এলাম প্রিয় মাতৃভূমিতে।