শিক্ষার মান উন্নয়নে ব্যবস্থা নেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার নির্বাচিত দ্বিতীয় মেয়র মো. শাহজাহান বলেছেন, মেয়র হিসেবে শপথ নিয়েই শিক্ষার মান উন্নয়নে সবার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে মেয়র শাহজাহান বলেন, ‘আমাদের এখানে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।’ মেয়র বলেন, মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ। মেয়র বলেন, পৌর এলাকার সব ময়লা-আবর্জনা মিরসরাই অছিমিয়ার পুলের পূর্ব পাশে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে) ফেলা হয়। সরকার খাল খননের ওপর জোর দিলেও মিরসরাই পৌর কর্তৃপক্ষ প্রতিনিয়ত ময়লা ফেলে খাল ভরাট করেছে। ময়লার স্তূপের পাশে রয়েছে আবাসিক এলাকা। সেখানকার বাসিন্দারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। একটু দূরে অবস্থিত বিদ্যালয়, মাদ্রাসাগামী শিক্ষার্থী, মহাসড়ক দিয়ে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী নাক চেপে দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করেন। দায়িত্ব পাওয়ার পর ওই স্থানে আর ময়লা ফেলা হবে না। যেখানে ময়লা ফেলা হলে জনদুর্ভোগ হবে না, সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করা হবে।এ ছাড়া পৌর এলাকার জলাবদ্ধতা দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, নালা ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, প্রতিটি ওয়ার্ডের সুবিধাজনক স্থানে স্থায়ী ডাস্টবিন তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার ভবন না থাকায় অনেক কষ্ট করে কাজ করতে হয়। যত দ্রুত সম্ভব পৌর ভবন নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে আরও বেগবান হয় সে ব্যাপারে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে।মো. শাহজাহান মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মো. শাহজাহান নির্বাচনে দুই হাজার ৬০৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।