শিক্ষার মান নিম্নমুখী রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
রাউজানের প্রাচীন ও ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত কয়েকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর চেয়ে ভালো ফলাফল করছে নতুন নতুন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছর অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। চট্টগ্রাম জেলার শিক্ষা মূল্যায়ন সমীক্ষা সমন্বয় কমিটি প্রকাশিত একটি প্রকাশনার মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, গত বছর (২০০৯) রাউজানের ৫৯টি বিদ্যালয়ের চার হাজার ৬১৯ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়। এর মধ্যে পরীক্ষা দেয়নি ৫৪৮ জন। অংশগ্রহণকারীদের মধ্যে শূন্য থেকে ২০-এর নিচে নম্বর পেয়েছে এক হাজার ৪৫৩ জন। ২০ থেকে ৩০-এর নিচে নম্বর পেয়েছে এক হাজার ৩০২ জন। ৩০ থেকে ৪৫-এর নিচে ৯৫৯ জন, ৪৫ থেকে ৬০-এর নিচে ২৯০ জন এবং ৬০-এর ওপরে নম্বর পেয়েছে মাত্র ৬৭ জন। পাসের হার ৩২ শতাংশ। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, উপজেলার প্রাচীন বিদ্যালয়গুলোর চেয়ে তুলনামূলকভাবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ভালো করেছে। স্থানীয় সূত্র জানায়, প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসেবে পরিচিতি রাউজান আরআরএসি উচ্চবিদ্যালয় ও নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল্যায়ন পরীক্ষার ফলাফলে অনেকটা পিছিয়ে পড়েছে। আরআরএসি উচ্চবিদ্যালয়ে পাসের হার ৩৮ শতাংশ। নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ে পাসের হার আরও নিচে নেমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। এর বাইরে ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসেবে পরিচিতি কদলপুর উচ্চবিদ্যালয়ে ৩২, গহিরা এজেএওয়াইএমএস উচ্চবিদ্যালয়ে ২৪, আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যালয়ে ২০, গুজরা শ্যামাচরণ উচ্চবিদ্যালয়ে ২০, দেওয়ানপুর এসকে সেন উচ্চবিদ্যালয়ে ১৪ এবং নোয়াপাড়া এমবি মলিক উচ্চবিদ্যালয় ও কোয়েপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে পাসের হার ঠেকেছে আট ও সাত শতাংশে।অপরদিকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ফলাফলের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মূল্যায়ন পরীক্ষায় শতভাগ পাস করেছে সম্মানজনক নম্বর পেয়ে। উপজেলার কদলপুর ইউনিয়নে আইডিয়াল উচ্চবিদ্যালয় স্থাপিত হয় ২০০০ সালে। এতে পাসের হার ৭৫ শতাংশ। প্রতিষ্ঠাতাদের একজন মোহাম্মদ আলী বলেন, শিক্ষার মান নিশ্চিত এবং ফলাফল ভালো করতে হলে শিক্ষক অভিভাবকসহ পরিচালনা কমিটিকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি সম্ভব। এ ছাড়া হজরত ইয়াছিনশাহ পাবলিক উচ্চবিদ্যালয়ে ৯১, ঊনসত্তরপাড়া উচ্চবিদ্যালয়ে ৬৮, দক্ষিণ কদলপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৬৫, সুলতানপুর উচ্চবিদ্যারয়ে ৬৪, তাপবিদ্যুৎ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৬৪, ডাবুয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ৬৩ এবং মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ে ৬০ ভাগ নম্বর পেয়ে শিক্ষার্থীরা ভালো হিসেবে চিহ্নিত হয়েছে। মূল্যায়ন পরীক্ষার এ ফলাফলের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলকৃষ্ণ বোস ও কদলপুর উচ্চবিদ্যালয়ের সাধনকৃষ্ণ চক্রবর্তী জানান, ফলাফলে তাঁরা হতাশ। ভবিষ্যতে এ অপবাদ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এখন থেকে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তাঁরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম হতাশা প্রকাশ করে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী উচ্চবিদ্যালয়ে আসে তাদের বেশির ভাগ কাঁচা থাকে। এ কারণে ফলাফল খারাপ হয়।’ তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন দাবি করেন, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে অযোগ্য কোনো শিক্ষার্থী উচ্চবিদ্যালয়ে যাওয়ার ছাড়পত্র পায় না।’