শিক্ষার মান নিয়ে হতাশ অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার মান কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। গত বছর সিটি করপোরেশন পরিচালিত ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করলেও এ বছর এই কৃতিত্ব দেখিয়েছে মাত্র চারটি বিদ্যালয়।এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না দিয়েই সিটি করপোরেশন পরিচালিত চারটি বিদ্যালয়ে দুই পালা (ডবল শিফট) চালু হওয়ায় বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ বছর সিটি করপোরেশনের ৪৪টি বিদ্যালয়ের পাসের হার ছিল ৯১ দশমিক ৬১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ২০ শতাংশ।দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর ৪৪টি বিদ্যালয়ের দুই হাজার ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই হাজার ৮৬৪ জন। অকৃতকার্য হয়েছে ১১৩ জন। এ বছর তিন হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন হাজার ২৩৪ জন। অকৃতকার্য হয়েছে ২৯৬ জন।খোঁজ নিয়ে জানা যায়, এ বছর ফল খারাপ হওয়ার অন্যতম কারণ, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া। নির্বাচনী পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। কাউন্সিলররা বিদ্যালয় পরিচালনা কমিটির ওপর এ ব্যাপারে চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা এম আর ফারুকী বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেব যাতে আগামী দিনে নির্বাচনী পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরাই কেবল এসএসসি পরীক্ষায় অংশ নেয়।’অপরিকল্পিতভাবে দুই পালা চালু: এদিকে, সিটি করপোরেশন পরিচালিত অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়, কাপাসগোলা বালিকা উচ্চবিদ্যালয়, কুলগাঁও উচ্চবিদ্যালয় এবং সরাইপাড়া উচ্চবিদ্যালয়ে এ বছরের জানুয়ারি মাসে প্রাতশাখা চালু হয়। তবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না করেই এই বিদ্যালয়গুলোতে দুই পালা চালু হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।জানা গেছে, প্রাতশাখা চালুর জন্য একজন সহকারী প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকসহ পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা ছিল সিটি করপোরেশনের। কিন্তু পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না দিয়েই চলছে এসব বিদ্যালয়ের প্রাতশাখা। সিটি করপোরেশন পরিচালিত ৪৪টি বিদ্যালয়ে বর্তমানে ৬৬ জন চুক্তিভিত্তিক ও একজন দৈনিকভিত্তিক শিক্ষক দায়িত্বপালন করছেন।আলী হাসান নামে নগরের পাঁচলাইশ এলাকার একজন অভিভাবক বলেন, ‘সিটি করপোরেশন কলেজের সুনাম শুনেই এখানে ছেলেমেয়ে ভর্তি করিয়েছি। কিন্তু এখন নানা সময়ে শুনি এখানে শিক্ষকদের দলাদলি। এতে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। এ ছাড়া বিভিন্ন কারণে ফি আদায় করা হচ্ছে।’ সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী প্রথম আলোকে বলেন, ‘এসএসসির ফলাফল খারাপ হওয়ার বিষয়টি আমি খতিয়ে দেখব। ওই সময়ে আমি করপোরেশনে ছিলাম না। সিটি করপোরেশনের বিদ্যালয়গুলোতে শিক্ষক-কর্মচারীর সংকট নিরসনে আমরা কিছুদিনের মধ্যে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। তখন সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’ প্রধান শিক্ষা কর্মকর্তা বিভিন্ন কলেজে আর্থিক অনিয়ম প্রসঙ্গে বলেন, ‘আমরা এখন করপোরেশনের প্রতিটি কলেজে একাদশ শ্রেণীর বোর্ড ফি ১৯২ টাকা নির্ধারণসহ অন্যান্য খরচের হিসাব সুনির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং কেউ এর অতিরিক্ত টাকা-পয়সা দাবি করলে তাঁর বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’