শিক্ষার মানোন্নয়নে ছয় গবেষণা উপপ্রকল্পের কার্যক্রম চলছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রায় সাড়ে আট কোটি টাকার ছয়টি গবেষণা উপপ্রকল্পের কার্যক্রম চলছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ উপপ্রকল্পগুলোর বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দুই বছর মেয়াদি এই উপপ্রকল্পগুলোর অনুমোদন দেয়। ইউজিসির উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) একাডেমিক ইনোভেশন ফান্ডের (এআইএফ) অধীনে এসব উপপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অর্থায়ন করছে বিশ্বব্যাংক। চলতি ২০১০-১১ অর্থবছরকে প্রকল্পের প্রথম বছর ধরা হয়েছে। ছয়টি উপপ্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে আট কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে প্রথম বছরে বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়নের সময় দুই বছর নির্ধারণ করা হলেও বাস্তবায়ন না হলে পরে সর্বোচ্চ আরও এক বছর সময় দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, গবেষণা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন।জানা যায়, বর্তমানে এসব গবেষণা উপপ্রকল্পের প্রথম বছরের কার্যক্রম চলছে। ইতিমধ্যে প্রত্যেকটি উপপ্রকল্পের অধীনে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী রেজিস্ট্রার আলতাফ উল আলম জানান, ‘উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির কাছে আমরা ৪৫টি উপপ্রকল্প পাঠাই। তবে এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি, জীববিজ্ঞান অনুষদ এবং সমাজ বিজ্ঞান অনুষদের একটি করে উপপ্রকল্প অনুমোদন পেয়েছে।’বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা যায়, এসব উপপ্রকল্পের অধীনে, জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে চার কোটি ১৭ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে প্রথম বছর বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ৮৬ লাখ টাকা। এই উপপ্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নূরুল আনোয়ার। ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের পাঠদান ও গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি চার লাখ ৭৫ হাজার টাকা। এই উপপ্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হিসাববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হারুনুর রশীদ। ব্যবস্থাপনা বিভাগের পাঠদান-শিখন পদ্ধতির উন্নয়নে বরাদ্দ হয়েছে এক কোটি চার লাখ টাকা। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. ফসিউল আলম এ উপপ্রকল্পের পরিচালক। ব্যবসায় প্রশাসনের গবেষক ও গবেষণা সহকারীদের দক্ষতা বৃদ্ধি উপপ্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে এক কোটি ৮০ লাখ টাকা। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন এ উপপ্রকল্পের পরিচালক। এ ছাড়া রাজনীতিবিজ্ঞান এবং মার্কেটিং বিভাগে দুটি উপপ্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে বরাদ্দ রাখা হয়েছে যথাক্রমে ৭০ লাখ ৮৭ হাজার টাকা এবং ৫৫ লাখ ৫৯ হাজার টাকা। রাজনীতিবিজ্ঞান বিভাগের উপপ্রকল্পের পরিচালক হচ্ছেন বিভাগের শিক্ষক ভূঁইয়া মো. মনোয়ার কবির। মার্কেটিং বিভাগের উপপ্রকল্পের পরিচালকের দায়িত্বে আছেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. সোলায়মান।ব্যবসায় প্রশাসন অনুষদের উপপ্রকল্প পরিচালক গোলাম মহিউদ্দিন বলেন, ‘এসব উপপ্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা কার্যক্রমে গতি আসবে। এসব গবেষণায় শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাবেন।’