চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের স্বার্থে ১১ দফা সুপারিশ তদন্ত কমিটির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ১১ দফা সুপারিশ করেছে। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাস দখলের প্রবণতা চিরতরে নির্মূল করার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে ওই দিনের সংঘর্ষের কারণ উল্লেখ করার পাশাপাশি জড়িত শিক্ষার্থীদের নামের তালিকাও দেওয়া হয়েছে।তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক নুরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে যা পেয়েছি, প্রতিবেদনে তা-ই উল্লেখ করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সুপারিশ দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।’প্রতিবেদনে দেওয়া উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো, ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের দিন যেসব ছাত্রের হাতে অস্ত্র ছিল তাদের সবার ছাত্রত্ব বাতিল করা এবং ভবিষ্যতে কোনো ছাত্রের কাছে লাঠি-রড, দা-ছুরি, পাইপ ও আগ্নেয়ান্ত্র পাওয়া গেলে তাদের ছাত্রত্ব বাতিল করা। এসব অস্ত্রসহ কোনো ছাত্রকে দেখা গেলে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধেরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও আশপাশের এলাকা, কটেজ ও ছাত্রাবাসে সতর্ক নজরদারি ও তল্লাশির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে।এ ছাড়া বহিরাগতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।’প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেট। কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।তবে নির্ধারিত সময়ের কিছুদিন পরে গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের কাছে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। গত ১৫ মার্চ এ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৮২তম সভায় গৃহীত হয়। তদন্ত কমিটির ১০ পৃষ্ঠার প্রতিবেদনে সংঘর্ষের জন্য ছাত্রশিবিরকে দায়ী করা হয়েছে। ছাত্রশিবিরের জঙ্গি মনোভাব ও সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের চার কর্মীকে মারধর ও ফাঁকা গুলির কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা অন্য সুপারিশগুলো হলো, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ছাত্রদের মধ্যে সংঘটিত ঘটনার দ্রুত সমাধানের ব্যবস্থা করা, শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রসংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রত্যেক শিক্ষার্থীর পরিচয়পত্র সার্বক্ষণিক রাখা ইত্যাদি।এ ছাড়া প্রশাসনিক দায়িত্ব পালন নিয়ে দুটি সুপারিশ দিয়েছে কমিটি। এগুলো হচ্ছে: হল প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে হল পরিচালনা করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক শিক্ষককে দায়িত্ব নিতে হবে। এ ছাড়া একটি শক্তিশালী ও কার্যকর পরিবেশ পরিষদ কমিটি গঠনেরও সুপারিশ করেছে তদন্ত কমিটি।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ১৫ সদস্যের স্থায়ী পরিবেশ পরিষদ গঠন করা হয়েছে, আবাসিক হলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিজ কক্ষে থাকার সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।পুলিশের সমালোচনা: তদন্ত প্রতিবেদনে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সংঘর্ষের আগে উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাঁদের বিরত রাখার চেষ্টা করেন এবং পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান। কিন্তু পুলিশ তখন কোনো ব্যবস্থা না নিয়ে সেখানে অবস্থান করছিল। শিক্ষকেরা ছাত্রলীগের কর্মীদের গোল চত্বর থেকে হটিয়ে দিলেও পুলিশ শিবিরকে হটিয়ে দিতে ব্যর্থ হয়। শিবিরের কর্মীরা দলবদ্ধ হয়ে শিক্ষক-পুলিশ বাধা পেরিয়ে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করে গোল চত্বর থেকে এক নম্বর গেটের বাইরে নিয়ে যায়। এর পরই উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়।