এক বিভাগেই এখন হরেক বিষয়। রেডিও জার্নালিজম, সাইবার জার্নালিজম, অডিও অ্যান্ড ভিডিও, ব্রডকাস্ট স্টুডিও জার্নালিজমসহ নানা বিষয়ে পড়ার সুযোগ এখন আইইউবিতে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের যাত্রা বেশি দিনের নয়। ২০০৩ সালে চালু হওয়া বিভাগটি একঝাঁক স্বপ্নদীপ্ত তরুণের পদার্পণে এখন অনেকটাই স্বাবলম্বী। শুরুর সময়টাতে বিভাগের পরিসর ছোট থাকলেও বর্তমানে বেড়েছে অনেক গুণ।পুঁথিগত বিদ্যার বাইরে অত্যাধুনিক ও আকর্ষণীয় ব্যবহারিক ক্লাস এই বিভাগে যোগ করেছে ভিন্ন মাত্রা। চার বছর মেয়াদি অনার্সের মাঝামাঝি বিভাগের শিক্ষার্থীদের একটি কোর্স করতে হয় গ্রামে গিয়ে। ১৫-২০ দিন থাকতে হয় গ্রামে। গ্রামের মানুষের জীবনযাত্রা দেখে তাদের নানা ধরনের সমস্যার কথা শুনে সেই গ্রামের উন্নয়নের জন্য প্রত্যেক শিক্ষার্থী একটি করে প্রতিবেদন তৈরি করেন। এরপর বাছাই করে ভালো প্রতিবেদনটি সরকারি বিভিন্ন জায়গায় পাঠানো হয়, যাতে করে সরকার সেই গ্রামের উন্নয়নের ভূমিকায় বিষয়গুলো যোগ করতে পারে।সম্প্রতি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ থেকে বগুড়া, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও জয়পুরহাট সফর করে এসেছেন অপূর্ব, মিলা, সাবেরা, সুমাইয়া, মনির, সামরিনা, দোলা, মিলা, সালমান, পিয়া, সাইমু, ফয়সাল প্রমুখ। সাবেরা জানান, গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশে তাদের জীবনযাত্রা নিয়ে কাজ করে তাঁর অনেক অভিজ্ঞতা হয়েছে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের শিক্ষার্থী অপূর্ব থিয়েটার ক্লাবের সভাপতি। তিনি জানালেন তাঁদের থিয়েটার ক্লাবের জন্মের কথা, ‘ক্লাসের ফাঁকে আমরা সব শিক্ষার্থী মিলে আড্ডা হই-হুল্লোড় আর একসঙ্গে গান করতাম। আর এ রকম দেখেই ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমাদের শিক্ষকেরা বললেন সংগঠিত হয়ে কিছু করতে। আমরাও সানন্দে রাজি হয়ে যাই। আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি নাটক মঞ্চস্থ করি। কয়েক দিনের মধ্যেই থিয়েটার ক্লাবের কাঠামো দাঁড় করাই। ব্যস, এভাবেই শুরু হয় থিয়েটার ক্লাব। এর কিছুদিন পরই আমরা জাতীয় জাদুঘর মিলনায়তনে রোমিও জুলিয়েট নাটকটি মঞ্চস্থ করি। আমরা ব্যাপক সাড়া পাই এ নাটকের মধ্য দিয়ে। এ ছাড়া আঙ্কেল ভানিয়া, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, অল দিস ম্যাডনেস, আলোর আহ্বানে নাটকগুলো শিল্পকলা ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ করেছি আমরা। ২০০৭ সালে আমাদের বর্তমান বিভাগীয় প্রধান শহীদুল আলম স্যারের মাধ্যমে আরও নানা ধরনের কার্যক্রম শুরু করি। সব জাতীয় দিবসেই নানা ধরনের কর্মসূচি পালন করি।’ বললেন আবির ও সাইমু।মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের চারটি ক্লাব রয়েছে। থিয়েটার ক্লাব, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং হোপ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন সময় দেশে ও দেশের বাইরে রাজনীতি, নেতৃত্ব, গণতন্ত্র, কূটনৈতিক বিষয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগদান করেন। ২০০৮ সালে নিউইয়র্কে মডেল ইউএনের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাঁরা। ২০০৮ সালে আন্তবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব আয়োজন করেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের শিক্ষার্থীরা।ক্যাম্পাসজুড়েই বাঁধানো ফ্রেমে চমৎকার কিছু ছবি শোভা পাচ্ছে। জানা যায়, সব কটিই ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীদের তোলা। ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা বিভিন্ন সময় ওয়ার্কশপের আয়োজন করে ফটোগ্রাফির কাজ আরও ভালোভাবে রপ্ত করে নেন। অন্যান্য উৎসব ঘিরে বিভিন্ন স্থানে গিয়ে তোলা ছবিগুলোর প্রদর্শনী করা হয়। এ ছাড়া থিয়েটার ক্লাবের সদস্যদের নিজেদের সমৃদ্ধির জন্য এবং বিভাগের সব শিক্ষার্থীর বিনোদনের জন্য আয়োজন করা হয় দেশি-বিদেশি বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনীর। অস্কার বিজয়ী চলচ্চিত্রও দেখানো হয় সেখানে।মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের বিভাগীয় প্রধান জি এম শহীদুল আলম জানান, বর্তমান সময়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিষয়টির অনেক চাহিদার কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। আইইউবির শিক্ষার্থীরা অনেক ভালো ফল করছেন। শিক্ষকেরা অনেক যত্নের সঙ্গে পড়ান, ব্যবহারিক ক্লাস নেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। এখান থেকে পড়াশেনা করে অনেক ছেলেমেয়ে দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জি এম শহীদুল আলম জানান, পড়াশোনার উন্নত মান নিশ্চিত করার জন্য আইইউবি বারিধারায় বিশাল জায়গা নিয়ে ক্যাম্পাস তৈরি করছে। সেখানে উন্নত সব ধরনের ব্যবস্থা থাকছে।এত এত পড়াশোনা, ক্লাসের ফাঁকে সময় কাটে কোথায়? শিক্ষার্থীদের উত্তরে সেটারও খোঁজ মিলল। আইইউবির সব শিক্ষার্থীর আড্ডার স্থানটি হলো ডোসা (ডিভিশন অব স্টুডেন্ট এফিসিয়েন্সি)। হালকা খাওয়ার সঙ্গে নানা বিষয়ে তুমুল আড্ডা চলে সেখানে। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়। ডোসায় চলতে থাকে মিডিয়া অ্যান্ড কমিউনিকশনসের শিক্ষার্থীদের আড্ডা। যোগ হতে থাকেন বিভিন্ন ক্লাবের সদস্য। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাই মিলে নতুন পরিকল্পনা করছেন টেলিভিশনের জন্য অনুষ্ঠান করার।