শিক্ষার স্বপ্ন জিইয়ে রাখল পাড়াবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়ন। ইউনিয়নে ১৩টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নিম্নমাধ্যমিক বা উচ্চবিদ্যালয় নেই। প্রাথমিকের পাট চুকিয়েই বেশির ভাগ শিক্ষার্থীকে শিক্ষাজীবনের ইতি টনতে হতো। কাঠখড় পুড়িয়ে কেউ কেউ ৩০ কিলোমিটার দূরের উপজেলা সদরের বনযোগীছড়া উচ্চবিদ্যালয়ে যেত। তাও সেই সংখ্যা হাতে গোনা। তবে গত পাঁচ বছরে বদলে গেছে সেই চিত্র। এখন বাড়ির পাশের বিদ্যালয়েই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ছে ছেলেমেয়েরা।

স্থানীয় লোকজন নিজেদের চাঁদার টাকায় গড়ে তুলেছেন বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয়। এতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছে িশক্ষার্থীরা। ফলাফলেও চমক দেখিয়েছে এই বিদ্যালয়। এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। বিদ্যালয়টি ইউনিয়নের মাঝখানে অবস্থিত। ফলে আশপাশ থেকে সহজে এখানে যাতায়াত করা যায়।

 বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ২০১০ সালে দুমদুম্যা বগাখালী এলাকাবাসীর উদ্যোগে নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও এলাকাবাসীর চাঁদায় তিন কক্ষের আধা পাকা ভবন ও দুই কক্ষের কাঁচা ঘর নির্মাণ করা হয়। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া নামমাত্র বেতন ও এলাকাবাসীর চাঁদার টাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন–ভাতা মেটানো হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৪২। এর মধ্যে ৯০ জনের কাছ থেকে বেতন-ফি নেওয়া হয়। শ্রেণিভেদে মাসিক বেতন ৫০ থেকে ৭০ টাকা। বাকি শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ে।

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয় চালু হওয়ার পর বনযোগীছড়া উচ্চবিদ্যালয়ের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষা দেওয়ার অনুমতি পেতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন করেও কোনো কাজ হয়নি।

শিক্ষকেরা আরও বলেন, বিদ্যালয়ে চারজন শিক্ষক আছেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় দুই-চার মাস পরপর তাঁদের বেতন-ভাতা মেটানো হচ্ছে। শিক্ষকদের পাঁচ হাজার টাকা করে বেতন দেওয়া হয়। তবে প্রায় সময় বকেয়া পড়ে যায়। এই অবস্থায় বিদ্যালয়টি কত দিন চালু রাখা যাবে তা নিয়ে সংশয়ে আছেন তাঁরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি কুমার তঞ্চঙ্গ্যা বলেন, বগাখালী ও আশপাশের এলাকার মানুষজন জুমিয়া ও অতিদরিদ্র। এখানকার অভিভাবকদের দূরে নিয়ে গিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করানো সম্ভব নয়। মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে প্রতিবছর শত শত শিক্ষার্থী ঝরে যাচ্ছে। ছয় বছর আগে এলাকার উদ্যোগে বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দ্রুত এমপিওভুক্ত না হলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর বিকাশ চাকমা বলেন, এই বিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী আছে। এখন এই বিদ্যালয়টি টিকিয়ে রাখতে হলে সরকারি সহযোগিতা প্রয়োজন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লা বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানে উন্নীত করার সঠিক সিদ্ধান্ত না আসায় এ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সিদ্ধান্ত পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বিদ্যালয়টি দুমদুম্যাবাসীর আশার আলো। বিদ্যালয়ের ধারাবাহিকতা ধরে রাখতে কর্তৃপক্ষের পাঠদান ও এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।