শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্রজোটের ৮ দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে গঠিত লিয়াজোঁ কমিটির কাছে আট দফা দাবি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গত শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে লিয়াজোঁ কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি ছাত্রজোটের নেতারা। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দখলদারমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও লিয়াজোঁ কমিটির প্রধান অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ জন্য তারা বিভিন্ন পরামর্শ দিয়েছে। আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সার্বিক সহযোগিতা করবে।’বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনার জন্য এ লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। এ বিষয়ে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুবর্ণা ধর প্রথম আলোকে বলেন, ‘লিয়াজোঁ কমিটিকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়েছি। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সব সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তবে প্রশাসনকে সবার সহাবস্থান ও সব কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনার অধিকার নিশ্চিত করতে হবে।’ প্রগতিশীল ছাত্রজোটের অন্য দাবিগুলো হলো—ক্যাম্পাসের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, সব হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার, মেধার ভিত্তিতে আবাসিক হলে আসন বণ্টন, আসন সংখ্যা বাড়িয়ে অনুমোদিত হলের নির্মাণকাজ শুরু, চাকসু নির্বাচন দেওয়া, চাকসু ভবন ও মুক্তমঞ্চের সংস্কার এবং সামাজিক সাংস্কৃৃতিক সংগঠনগুলোর জন্যে মিলনায়তনের ব্যবস্থা করা। লিয়াজোঁ কমিটির প্রধান ছাড়াও বৈঠকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন, সুলতান আহমেদ, কামরুল হুদা,জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগ সংঘর্ষে দুই ছাত্র নিহত হন। ওই দিন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।