‘আমাদের বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক প্রয়োজন ২০ জন। আছেন মাত্র তিনজন। শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম হওয়ায় আমাদের প্রত্যেককে প্রতিদিন সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ক্লাস নিতে হয়। এভাবে টানা ক্লাস নিতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি।’
ফটিকছড়ি উপজেলার খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা এভাবেই ক্ষোভের সঙ্গে প্রকাশ করলেন বিদ্যালয়ের শিক্ষক পলি সেন। এ অবস্থায় শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন বিদ্যালয়ের অভিভাবক, প্রতিনিধি ও শিক্ষকেরা। অবিলম্বে নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে বিদ্যালয়ে দুটি পালা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার কথা। সেই হিসাবে আমাদের ৮৩০ জন শিক্ষার্থীর জন্য অন্তত ২০ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু এখানে শিক্ষকের পদ আছে সাতটি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র তিনজন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৯২ সালে উপজেলার নানুপুর ইউনিয়নের দুর্গম এলাকা খিরাম দৌলত মুনসিরহাটসংলগ্ন ৩৯ শতক জায়গার ওপর খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এখানে শিক্ষার্থী ভর্তির হার ছিল সন্তোষজনক। বর্তমানে শিশু শ্রেণীতে ৬৪ জন, প্রথম শ্রেণীতে ১০৫ জন, দ্বিতীয় শ্রেণীতে ১৪৭ জন, তৃতীয় শ্রেণীতে ১৯৯ জন, চতুর্থ শ্রেণীতে ১৮১ জন ও পঞ্চম শ্রেণীতে ১৩৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৪৬৪ এবং ছাত্রী ৩৬৬ জন। শিশু ও প্রথম শ্রেণী ছাড়া অন্য সব শ্রেণীতেই একাধিক শাখা রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইসহাক বলেন, ‘শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিদ্যালয়ে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি দুর্গম হওয়ায় সেখানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তদবির করে অন্যত্র বদলি হয়ে চলে যান। এ ছাড়া নতুন পদ সৃষ্টির বিষয়টি সময়সাপেক্ষ। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আপাতত আরও একজন শিক্ষক সংযুক্ত (ডেপুটেশন) করবেন বলে জানান।