শিক্ষার্থী বেড়েছে বাড়েনি সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর বছর শিক্ষার্থী বাড়লেও শিক্ষক, শ্রেণীকক্ষ কিংবা পরীক্ষাগারের সংখ্যা বাড়েনি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার কৌশল বিভাগে। তাতে বাধাগ্রস্ত হচ্ছে এই বিভাগের শিক্ষা কার্যক্রম। কয়েক দিন পর বিভাগে যুক্ত হবেন আরও নতুন ১২০ জন শিক্ষার্থী। তাতে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুয়েটের এ বিভাগটিকে প্রথমে প্রজেক্ট হিসেবে ঘোষণা করে ১৯৯৮ সালে প্রথম স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। পুরকৌশল বিভাগের তৃতীয় তলায় মাত্র দুটি কক্ষে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এ বিভাগে পড়ছেন ৩৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষে ২৪০ জন এবং তৃতীয় ও চতুর্থ বর্ষে ১২০ জন শিক্ষার্থী রয়েছেন। এসব শিক্ষার্থীর জন্য রয়েছেন তিনজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকসহ মাত্র ১৫ জন শিক্ষক। বর্তমানে এ বিভাগের জন্য বরাদ্দ আছে চারটি শ্রেণীকক্ষ ও তিনটি পরীক্ষাগার। চুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষক মীর মুহাম্মদ সাক্বী কাউসার বলেন, ‘সঠিকভাবে কমিপউটার কৌশল বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হলে ৩৫ জন শিক্ষক প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন ১০টি শ্রেণীকক্ষ ও পাঁচটি ল্যাব।’এদিকে শ্রেণীকক্ষ সংকটের কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি নিয়েও পাওয়া গেছে অনিয়মের অভিযোগ। দুটি পালায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কথা থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। এ ছাড়া স্নাতকোত্তর (এমএস) কোর্সের শিক্ষার্থীদের জন্য নেই উন্নত পরীক্ষাগারের সুবিধা। এমনকি স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানের জন্য এখন পর্যন্ত কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া হয়নি। এসব কারণে ঢিমেতালে চলছে কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষা কার্যক্রম।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিপউটার কৌশল বিভাগের প্রধান মো. ইব্রাহীম খান বলেন, ‘শ্রেণীকক্ষ ও শিক্ষক-সংকট থাকলেও স্নাতকোত্তর কোর্সের কার্যক্রম ভালোভাবেই চলছে। তবে আগামী বছর কমপক্ষে দুইটি কক্ষ ও একটি পরীক্ষাগার না পেলে শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে চালানো সম্ভব হবে না। আশা করছি, কিছুদিনের মধ্যে আমরা নতুন একাডেমিক ভবনের কয়েকটি কক্ষ পাব।’