শিক্ষার্থী ৩৭৩ জন, শিক্ষক একজন
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মাস ধরে একজন মাত্র সহকারী শিক্ষক দিয়েই পাঠদান চলছে। এই বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৩৫০ জন। শিক্ষার্থীরা বই হাতে বিদ্যালয়ে এসে কিছুক্ষণ হইচই করে বাড়ি ফিরে যায়। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে আছেন মাত্র একজন শিক্ষক। অথচ শিক্ষার্থীর সংখ্যা ৩৭৩ জন। বর্তমানে তাদের লেখাপড়া বা শ্রেণী কার্যক্রম চলছে না। একমাত্র শিক্ষক একটি শ্রেণীকক্ষে পাঠদান করতে গেলে অন্য শ্রেণীকক্ষের শিশুশিক্ষার্থীরা হইচই করতে থাকে। এতে পাশের শ্রেণীকক্ষে বসে ওই শিক্ষকের পক্ষে পাঠদান করা কষ্টকর হয়ে ওঠে। তার পরও তিনি নানা কায়দায় শিক্ষার্থীদের পাঠদানের চেষ্টা করেন। মাসে একবার করে ট্রেনিং এবং উপজেলায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভায়ও তাঁকে অংশ নিতে হয়। এ ছাড়া অন্যান্য দাপ্তরিক কাজে ওই শিক্ষক উপজেলা সদরে গেলে সে দিন বিদ্যালয় বন্ধ করে যেতে হয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানায়, বছরের সাত মাস চলে গেলেও তাদের পাঠ্যবইয়ের তিন ভাগের এক ভাগও শেষ হয়নি। স্যার নাই, ক্লাস নেবেন কে? বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলী খোন্দকার প্রথম আলোকে বলেন, মাত্র একজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চলে না। ইতিমধ্যে শিক্ষকসংকটের বিষয়টি বেশ কয়েকবার লিখিত ও মৌখিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একমাত্র শিক্ষক বিপ্লব চন্দ্র বড়ুয়া শিক্ষকসংকটের কথা স্বীকার করে বলেন, সকালে বিদ্যালয়ে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, ঘণ্টা পিটানো, পাঠদান শেষে আবার শ্রেণীকক্ষগুলো বন্ধ করা পর্যন্ত সব কাজই তাঁকে করতে হয়। এতে শিক্ষার্থীদের অবশ্যই লেখাপড়া ব্যাহত হচ্ছে। তিনি নিজেও বেশ কয়েকবার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী বলেন, শিক্ষকসংকটের বিষয়টি জানার পর জরুরি ভিত্তিতে ওই বিদ্যালয়ে শিক্ষক দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খাজা মোহাম্মদ আলী বলেন, শিক্ষক বদলির নিয়মকানুন পরিবর্তন হয়েছে। আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইচ্ছে করলে বদলি করতে পারতেন। সে নিয়ম চালু থাকলে তাৎক্ষণিকভাবে সংকট নিরসন করা যেত। এখন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাই কেবল একজন শিক্ষককে এক বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করতে পারেন। তিনি আরও জানান, ওই বিদ্যালয়ে একজন শিক্ষক প্রদানের জন্য জেলা শিক্ষা কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।