উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শ শিক্ষার্থীকে পাঠদান করছেন একজন শিক্ষক। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে চারটি। এর মধ্যে আছেন দুজন। একজন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণ নিচ্ছেন। প্রধান শিক্ষকসহ দুটি শিক্ষকের পদ শূন্য। সরেজমিনে জানা যায়, উপজেলার শিক্ষা ক্ষেত্রে একেবারে পিছিয়ে থাকা দুর্গম এলাকার চেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচ শ শিক্ষার্থী রয়েছে। ১৭ মে সকাল ১০টায় বিদ্যালয়ে দেখা যায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এক কক্ষে পাঠ দেওয়া হচ্ছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তাদের কক্ষে হইচই করছে। পঞ্চম শ্রেণীর ছাত্র নুরুল আমিন (১১), ছাত্রী মাসুকা আক্তার (১০) কহিনুর আক্তার (১১) জানায়, ‘স্কুলে স্যারের অভাবে আমরা নিয়মিত ক্লাস করতে এবং পড়ালেখা শিখতে পারছি না। আমরা কি পড়ালেখা শিখতে পারব না?’ বিদ্যালয়ের শিক্ষক সাহদাত হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দুজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক আবদুল মাজেদ ছয় মাস ধরে পিটিআইতে প্রশিক্ষণরত আছেন। পাঁচ শ শিক্ষার্থীকে প্রতিদিন আমি একা পাঠদান করতে হিমশিম খাচ্ছি। বিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একাধিকবার লিখেও কোনো কাজ হচ্ছে না।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ সিকদার, সদস্য মোস্তাক আহমদ, আবদুর রহিম ও অভিভাবক জহির আহমদ জানান, বিদ্যালয়ের শিক্ষক-সংকটের ফলে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এমনিতেই এ রকম দরিদ্র এলাকার শিশুরা স্কুলমুুখী হয় না। বর্তমানে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আগ্রহ হারিয়ে ফেলছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অধীরচন্দ্র দে জানান, ‘অনেক শিক্ষক দুর্গম এলাকায় শিক্ষকতা করতে আগ্রহী নন। এ কারণে ওই বিদ্যালয়ে শিক্ষক-সংকট দূর হচ্ছে না। তবে শিগগির চেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’