শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে জাহাঙ্গীর হোসেন ওরফে সাদ্দাম (২২) নামের একজন বখাটেকে গত বৃহস্পতিবার (৫ জুলাই) ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। ফুলগাজির জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাদ্দাম পেশায় একজন পরিবহন শ্রমিক। পুলিশ ও স্থানীয় দরবারপুরের ইউপি চেয়ারম্যান আবুল আলম আজমীর জানায়, স্থানীয় আলী আজম স্কুল ও কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ওই ছাত্রী ক্লাস শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বখাটে জাহাঙ্গীর হোসেন ওরফে সাদ্দাম তার গায়ের ওড়না টেনে ধরে। এতে ওই ছাত্রী তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনাটি দেখে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে বখাটে সাদ্দামকে ধরে উত্তম-মধ্যম দিয়ে বিচারের জন্য স্থানীয় দরবারপুরের ইউপি চেয়ারম্যান আবুল আলম আজমীরের কাছে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান নিজে বিচার না করে ফুলগাজী থানার পুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান ওই বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়ে ফেনী কারাগারে পাঠিয়ে দেয়। ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উল হক ওই বখাটে সাদ্দামের তিন মাসের কারাদণ্ড ও কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছে।