শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র লোকমান মাহমুদ। প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথমদিকেই ছিলেন। কিন্তু অসুস্থতার জন্য তৃতীয় বর্ষের দুটি কোর্সের পরীক্ষা দিতে না পারায় তৃতীয় বর্ষ উত্তীর্ণ হতে পারেননি। এ জন্য লোকমান বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে বিভাগের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু আবেদনে সাড়া দেয়নি বিভাগ। এতে হতাশ হয়ে পড়েন তিনি। এরপর গত ১৬ জুন নগরের চান্দগাঁওয়ে নিজ বাসা থেকে লোকমান মাহমুদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্য ও বন্ধুদের দাবি, বিশেষ পরীক্ষায় অনুমতি না পাওয়ার হতাশা থেকে লোকমান আত্মহত্যা করেন। শুধু লোকমান নন, চার মাসের ব্যবধানে আত্মহত্যা করেন আরও দুই শিক্ষার্থী। আর এই তিনজনসহ গত চার বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক আত্মহত্যা করেন। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা করেন দুই শিক্ষার্থী। সর্বশেষ ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পাশের বেসরকারি ছাত্রাবাসের একটি কক্ষে আত্মহত্যা করেন আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আজমীর হোসেন।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার এ প্রবণতা উদ্বেগজনক। এ প্রবণতা রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চিন্তা-ভাবনা রয়েছে।’বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, কেউ হঠাৎ করে আত্মহত্যা করেন না। আত্মহত্যার আগে একজন ব্যক্তির মধ্যে কিছু লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো আঁচ করে ওই ব্যক্তির যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য মা-বাবা, বন্ধু-বান্ধবসহ আত্মীয়স্বজনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।মনোবিজ্ঞানের শিক্ষকেরা শিক্ষার্থীদের এ অকালমৃত্যু ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শকেন্দ্র সক্রিয় এবং অনুষদভিত্তিক কাউন্সিলিংকেন্দ্র চালু করার সুপারিশ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট বিকেলে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনের একটি কক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌরভ মজুমদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা, এটা আত্মহত্যা।২০১০ সালে পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে আত্মহত্যা করেন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জয় নারায়ণ দেবনাথ। ওই সময় তাঁর বন্ধুদের অভিযোগ ছিল, পর্যাপ্ত ক্লাস না নিয়ে পরীক্ষা নেওয়ায় অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় হয়। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন জয়। একই বছর চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন সীতাকুণ্ডের নিজ বাড়িতে আত্মহত্যা করেন দর্শন বিভাগের জহির উদ্দিন। পারিবারিক ও ব্যক্তিগত কারণে ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের নিজ কক্ষে আত্মহত্যা করেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম। একই কারণে ২০০৯ সালে একই হলে আত্মহত্যা করেন সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবুল হাসনাত। এ ছাড়া ২০০৮ সালের ৬ জানুযারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এন্ডু অলক দেওয়ারী আত্মহত্যা করেন।