শিক্ষার্থীদের আদর্শ স্টিভ জবস
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে সবচেয়ে বেশি যেসব প্রযুক্তিপণ্য বেশি দেখা যায়, তা হলো আইফোন, আইপড, আইপ্যাড ও বিভিন্ন মডেলের ম্যাকবুক। আর এসবের স্রষ্টা স্টিভ জবস অনেক আমেরিকান শিক্ষার্থীর আদর্শ। যাঁরা প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন, তাঁরা অ্যাপলের নতুন নতুন প্রযুক্তি দেখে মুগ্ধ, আর যাঁরা ব্যবসায়ে পড়াশোনা করেন, তাঁরা জবসের ব্যবসার খুঁটিনাটি ভেবে মুগ্ধ। আমার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তরুণ শিক্ষার্থীদের মধ্যে এমনটাই দেখছি। একজন মানুষ একাধারে ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ—এ দুয়ের সমন্বয় সহজে পাওয়া যাবে না। অনেকের জীবনের অন্যতম প্রিয় অ্যানিমেশন টয় স্টোরির নির্মাতাও এই একই লোক। স্টিভ জবস শিক্ষার্থীদের কাছে শুধু অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী নন, তাঁদের কাছে তিনি একজন আত্মবিশ্বাসী মানুষ, যিনি শুধু নিজের ওপর আস্থা থেকে শূন্য থেকে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। অনেক শিক্ষার্থীরই ধারণা, অ্যাপল পণ্যের দাম বেশি এবং অ্যাপল একচেটিয়া (মনোপলি) ব্যবসা করতে চায়। তার পরও স্টিভ জবস তাঁদের কাছেএকজন প্রযুক্তিশিল্পী; যিনি প্রযুক্তি ও শিল্পকে মনের মাধুরী দিয়ে সাজিয়েছেন। স্টিভ মানুষ আর যন্ত্রের মধ্যে সমন্বয় ঘটিয়েছেন অত্যন্ত সাফল্যের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা সহযোগী হওয়ার কারণে আমার বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তাঁদের কাছে স্টিভ জবস সম্পর্কে এসব বক্তব্য শোনা। ফেসবুক, টুইটারে স্টিভ জবসের মৃত্যুর খবর শেয়ার করা ছাড়াও অনেকে তাঁদের প্রোফাইল ছবিতে স্টিভ জবস বা অ্যাপলের লোগো দিয়েছেন। অনেকেই স্টিভ জবসের বিখ্যাত ট্যানফোর্ডের সমাবর্তনের ভিডিও ছেড়েছেন ইন্টারনেটে। স্টিভ নিজে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে না পারলেও আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তাঁর স্থান যথেষ্ট মর্যাদাপূর্ণ স্থানে। এ মর্যাদা শুধু আইফোন আর আইপডের জনক হিসেবেই নন, এ সম্মান একজন প্রযুক্তিবোদ্ধা হিসেবে। লেখক: স্নাতক (পর্যায়ের) ছাত্র, মিনেসোটা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।