শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে এ উৎসব

আমরা এখন এমন যুগে বাস করছি, যেখানে হার্টসহ কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ গবেষণাগারে তৈরি হচ্ছে, বিশ্বজগতের সমস্ত বস্তুকণার অস্তিত্ব প্রদানকারী অদৃশ্য ‘ঈশ্বরকণা’ ল্যাবে দেখা সম্ভব হয়েছে। এ কণা না থাকলে কোনো বস্তুই সৃষ্টি হতো না। ৬০ ওয়াটের বৈদ্যুতিক বাতির চেয়ে বেশি আলো দিতে পারছে ৭ ওয়াটের এলইডি বাল্ব। ১৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহের পুঙ্খানুপুঙ্খ ছবির মাধ্যমে ১ হাজার ৪০০ বছর আগের নিখুঁত চিত্র পৃথিবীর মানুষ দেখতে পারছে।
এ ছাড়া আমরা দেখতে পাচ্ছি, মানুষবিহীন প্লেন সঠিকভাবে শত্রুর অবস্থানে আঘাত হানছে, মাটির নিচে ও সমুদ্রের তলদেশের সম্পদকে চিহ্নিত করতে পারছে, কোটি কোটি মাইল দূরের রকেট অথবা উপগ্রহকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে।
আমাদের দেশ জ্ঞান-বিজ্ঞানে বহু পিছিয়ে থাকলেও বিজ্ঞানের জয়যাত্রার ফসল কিন্তু আমরাও কিছু কিছু ভোগ করছি। বহুফলনশীল ধান, শাকসবিজ, ড. মাকসুদুল আলমের নেতৃত্বে বাংলাদেশে ‘জেনোম পদ্ধতি’ ব্যবহার করে রোগসহনশীল উন্নত মানের পাট উদ্ভাবন, মোবাইল ফোন এবং ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, ঘরে বসেই ব্যবসা-বাণিজ্য, টাকাপয়সা লেনদেন! কী নয়!
যুক্তি-বুদ্ধি ছাড়া মুখস্থবিদ্যা মানেই কুশিক্ষা, যা সাধ্য ছাড়া সাধ ও লোভ জাগায়। ফলে সৃষ্টির আনন্দ পাওয়ার সাধ্য অর্জন করা যায় না। কোনো সমস্যা বুঝতে পারা মানে নিজেকে আবিষ্কার করা। আর এই পথেই আমাদের শিক্ষার্থীদের নতুনভাবে উৎসাহ জোগাবে এই বিজ্ঞান জয়োৎসব। ২০০১ সালে শুরু হওয়া গণিত অলিম্পিয়াড আমাদের শিক্ষার্থীদের আলোকিত করছে। তারা আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করছে। শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হলেও গণিতের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। গণিতের শিক্ষা তো বিজ্ঞানের জন্যই। আর তাই এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনবে বলে আমার বিশ্বাস।িবজ্ঞান জয়োৎসবের জয় হোক।
লেখক: ইমেরিটাস প্রফেসর, পদার্থবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়