ঢাকায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা। সম্প্রতি নগরের নিউমার্কেট চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়। সমাবেশে ছাত্রফ্রন্ট নেতারা দাবি করেন, শিক্ষার্থীদের মিছিলে হামলা করে পুলিশ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তীসহ ২৫ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে।
ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক আরিফ মঈন উদ্দিন বলেন, বর্তমানে প্রশ্ন ফাঁস শিক্ষাব্যবস্থার রোগে পরিণত হয়েছে। যার ফলে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়। সরকার ও প্রশাসন জড়িতদের গ্রেপ্তার না করে পাল্টা আন্দোলনকারীদের ওপর হামলা করে। তিনি সব গ্রেপ্তারকৃত নেতা-কর্মীর মুক্তির দাবি জানান এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।