শিক্ষার্থীদের কনফিডেন্স কাপ
বিশ্বকাপ-জ্বরে কাঁপছে সারা দেশ। এর মধ্যে ৫ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে গৌরব অর্জনের লড়াইয়ে ‘ক্লিয়ারম্যান কনফিডেন্স কাপ’-এর শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে গভ. বরিশাল কলেজ। বিকেল তিনটায় শুরু হওয়া এ খেলায় গভ. বরিশাল কলেজের একের পর এক গোলে শেষে ৪-০-তে পরাজিত হয় নটর ডেম কলেজ। প্রতিযোগিতায় ম্যান অব অ্যাকশন ট্রফিটি তুলে দেওয়া হয় গভ. বরিশাল কলেজের রাকিবের হাতে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হিসেবে শিরোপা নেয় নটর ডেম কলেজ। ফাইনাল রাউন্ডে দুর্দান্ত খেলার মাধ্যমে হ্যাটট্রিক করেন গভ. বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাকিব। এ প্রসঙ্গে রাকিব তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। রাকিব বলেন, ‘এ বিজয় শুধু আমার নয়, সারা বরিশালের বিজয়। আমার কলেজের বিজয়।’ এদিকে তৃতীয় স্থান (দ্বিতীয় রানারআপ) হিসেবে চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজকে পরাজিত করে নিজেদের নাম লিখিয়ে নেয় আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এর আগে ২১ মে শুরু হয় এ প্রতিযোগিতা। সারা দেশের সাতটি বিভাগের ৪৪টি কলেজের দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভাগ পর্যায়ের খেলায় রংপুর বিভাগ থেকে লায়ন্স কলেজকে ৫-০ গোলে হারিয়ে আরসিসিআই পাবলিক কলেজ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসে। এদিকে খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় ফাইনালে বিএল কলেজ দৌলতপুর ডে-নাইট কলেজকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে খেলতে ঢাকার টিকিট নিয়ে নেয়।বরিশাল ডিভিশন থেকে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজকে ২-০-তে হারিয়ে ঢাকায় আসে গভ. বরিশাল কলেজ। রাজশাহী বিভাগের খেলায় দ্বিতীয় রাউন্ডে ঢাকায় আসার সুযোগ পায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ। তারা বিভাগীয় পর্যায়ে ফাইনালে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে ২-০ গোলে পরাজিত করে।এদিকে সিলেট বিভাগ থেকে মদন মোহন কলেজের দ্বিতীয় রাউন্ডে উঠে আসতে বেগ পেতে হয়। শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে তারা ঢাকায় আসার ছাড়পত্র পায়। অপর দিকে বিভাগীয় শহর বন্দরনগর চট্টগ্রাম থেকে দ্বিতীয় রাউন্ডে আসে বিএএফ শাহীন কলেজ। নিজেদের বিভাগীয় শেষ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে উঠে আসতে হয় বিএএফ শাহীন কলেজকে।ঢাকা বিভাগীয় রাউন্ডের খেলায় মোট দুটি দল ফাইনালে দ্বিতীয় রাউন্ডে আসে। রেসিডেনসিয়াল মডেল কলেজকে হারিয়ে ঢাকা কলেজ এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে নটর ডেম কলেজ দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়। দ্বিতীয় রাউন্ডের খেলায় সাত বিভাগের মোট আটটি দল অংশ নেয়। এখান থেকে সেমিফাইনালে উঠে আসে চারটি দল। দলগুলো হলো আরসিসিআই পাবলিক স্কুল, নটর ডেম কলেজ, গভ. বরিশাল কলেজ ও বিএএফ শাহীন কলেজ (চট্টগ্রাম) এবং সব শেষে ফাইনালে উঠে আসে নটর ডেম কলেজ ও গভ. বরিশাল কলেজ। দেশব্যাপী কলেজ পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করে ইউনিলিভার গ্রুপের ক্লিয়ারম্যান। ক্লিয়ার-এর ব্র্যান্ড ম্যানেজার জিসান বলেন, ‘আসলে বিশ্বকাপের এই মৌসুমে সারা দেশ যখন ফুটবল খেলা দেখা নিয়ে ব্যস্ত, তখন আমাদের দেশেও যে অনেক সম্ভাবনা আছে, সুযোগ পেলে আমরাও যে পারি, তার প্রমাণস্বরূপ আমাদের এ আয়োজন।’ এ খেলায় চ্যাম্পিয়ন দল জিতে নেয় দেড় লাখ টাকা। খেলায় ম্যান অব অ্যাকশন হিসেবে রাকিব পান ১০ হাজার টাকা ও একটি ট্রফি। শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে এ অর্জন তাই রাকিবকে তাড়া করে ফিরছে জাতীয় দলে খেলার প্রেরণাস্বরূপ।