শিক্ষার্থীদের চেষ্টায় বেঁচে গেল শকুনটি

৫ জানুয়ারি বিকেল চারটা। ঘটনাস্থল সাতকানিয়ার গোয়াজরপাড়া। পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছিল একটি শকুন। তা দেখে শিশুর দল ছুড়তে শুরু করে ঢিল। ওই সময় পুকুর পাড় দিয়ে যাচ্ছিল কয়েকজন বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী। ঘটনাটি তাদের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে সবাই মিলে উদ্ধার করে মুমূর্ষু শকুনটি।
উদ্ধারের পর এটিকে তারা নিয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। এরপর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে শুরু হয় চিকিৎসা। এখন শকুনটি সুস্থ হয়ে উঠছে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী দলের সদস্যরা জানায়, সামান্য দেরি হলে শকুনটি মারা যেত।
গতকাল শনিবার বেলা ১১টায় গিয়ে দেখা যায়, উপজেলা পিরষদের একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে শকুনটি। এটি এখন সুস্থ। স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে।
উদ্ধারকারী দলের সদস্য ও সাতকানিয়া কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জোবায়ের বলে, ‘পুকুরে ডুবতে থাকা শকুনটিকে লক্ষ্য করে শিশুরা ঢিল ছুড়ছিল। এ দৃশ্য দেখে শিশুদের থামিয়ে সাঁতার কেটে মুমূর্ষু শকুনটিকে উদ্ধার করে পুকুর পাড়ে নিয়ে আসি আমরা। পরে ইউএনও কার্যালয়ে নিয়ে যাই।’
সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠকর্মী মো.নুরুল আজিম জানান, ইউএনও কার্যালয় থেকে অসুস্থ শকুনটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে শকুনটিকে উপজেলা পরিষদের একটি বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুলতান মাহমুদ আকন্দ জানান, খাদ্যের অভাবে শকুনটি খুব দুর্বল হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধান করতে গিয়েই পুকুরে পড়ে গিয়েছিল। পানিতে পড়ে পালক ভিজে যাওয়ায় এবং ঢিলের আঘাতের কারণে শকুনটি আর উঠতে পারছিল না। এটি বাংলা শকুন। ওজন সাড়ে ৯ কেজি। উচ্চতা দুই ফুট।
সুলতান মাহমুদ আকন্দ বলেন, পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে শকুনটি সুস্থ হয়ে উঠছে। ইতিমধ্যে খাবার হিসেবে মুরগি ও মাংস দেওয়া হচ্ছে। আর একটু সুস্থ হলে কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে। ইউএনও মোহাম্মদ উল্যাহ বলেন, ‘গোয়াজরপাড়া এলাকার শিক্ষার্থীদের কারণে শকুনটি রক্ষা পেয়েছে। তাদের সাধুবাদ জানাই।’