শিক্ষার্থীদের জন্য নোটবুক
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ সুবিধা নিয়ে প্রযুক্তি বাজারে এসেছে নোটবুক। এইচপি ব্র্যান্ডের নোটবুকটি (কোর আই থ্রি এক দশমিক সাত গিগাহার্জ ডেটা প্রসেসিং গতিসম্পন্ন) ব্যবসায় এবং ঘরোয়া কাজেও ব্যবহার করা যায়। এটি শিক্ষার্থীদের জন্য বেশ উপযোগী। নোটবুকটি আকারে হালকা-পাতলা।
১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই নোটবুকে রয়েছে চার জিবি ডিডিআর থ্রি র্যাম। এর তথ্য ধারণ ক্ষমতা ৫০০ জিবি। স্বাভাবিক কাজে টানা চার ঘণ্টার বেশি পাওয়ার ব্যাকআপ সুবিধা রয়েছে এইচপি ১৪-আর ০০৮ টিইউ মডেলের এই নোটবুকটিতে। এক বছর বিক্রয়োত্তর সেবা এবং ক্যারিং কেসসহ নোটবুকটির দাম রাখা হচ্ছে ৩৬ হাজার ৭৫০ টাকা।
আইফোন সেবা: বাংলাদেশের জন্য আইফোনের সার্ভিস প্রোভাইডার মনোনীত হয়েছে প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। বাংলাদেশ থেকে অ্যাপল অনুমোদিত যে কোনো বিক্রয়কেন্দ্র থেকে কেনা হাল নাগাদ সংস্করণের আইফোনের জন্য বিক্রয়–পরবর্তী এই সেবা দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে এর ৪৩ শাখা থেকেও এই সেবা পাওয়া যাচ্ছে।
জানা গেছে, গত বছরের ৬ মে কম্পিউটার সোর্স অ্যাপল সার্ভিস প্রোভাইডার (এএসপি) মনোনীত হয়। অ্যাপল অনুমোদিত চ্যানেলে বাংলাদেশে বিক্রি হয় এমন আইফোনের সেবা দেবে এই প্রতিষ্ঠান।
এ ছাড়া রাজধানীর লালমাটিয়ায় কম্পিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টারে একটি অ্যাপল ‘কেয়ার জোন’ গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এখান থেকেই অ্যাপল সার্টিফায়েড প্রকৌশলীদের মাধ্যম আইফোন কিংবা আইওএস সংক্রান্ত যাবতীয় সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনভিত্তিক এবং হার্ডওয়্যারসংক্রান্ত সেবা পাওয়া যাবে। মেয়াদ উত্তীর্ণ ডিভাইসও এখান থেকে সারিয়ে নেওয়া যাবে l নিজস্ব প্রতিবেদক