
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। গত বুধবার রাতে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এবার শিক্ষার্থীদের ঝোঁক প্রকৌশল ও আইন অনুষদের দিকে। এ দুটি অনুষদের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশি।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, প্রকৌশল অনুষদে ১২৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৪৪৪টি। অর্থাৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৮৩ জন শিক্ষার্থী।
প্রকৌশল অনুষদের অধীনে দুটি বিভাগ রয়েছে। এ দুটি বিভাগ হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।
শিক্ষার্থীদের আগ্রহের ব্যাপারে জানতে চাইলে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি জামাল উদ্দিন আহ্মেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, এ দুটি বিভাগে পড়ে দেশে ও দেশের বাইরে চাকরির নিশ্চয়তা রয়েছে। পাশাপাশি শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশে গবেষণার সুযোগও পাওয়া যায় অনেক বেশি। তাই শিক্ষার্থীদের এতে আগ্রহ বেশি।
অন্যদিকে আইন অনুষদে ১৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৪৬১টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ১২৭ জন করে।
এই অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘দেশের মধ্যে আমাদের আইন অনুষদের সুনাম আছে। এখানে কোনো শিক্ষাজট নেই। পাশাপাশি এখান থেকে পাস করে শিক্ষার্থীরা ভালো অবস্থানে আছে। এ জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ আইন অনুষদ।’
২০১৪-১৫ শিক্ষাবর্ষে আইন অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন সুদীপ্তা দত্ত। প্রতিযোগিতায় নামার আগে তিনি বাতলে দিয়েছেন ভর্তি পরীক্ষায় ভালো করার কৌশল। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় সৃজনশীল ধাঁচের। তাই এ ক্ষেত্রে বাজারি নোট-শিট পড়লে হবে না। নিজেকে আপডেট রাখতে হবে সব সময়। সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার পাশাপাশি দক্ষ হতে হবে ইংরেজিতে। সঙ্গে বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে হলে এইচএসসির পাঠ্যবইটির সঙ্গে খ্যাতিমান লেখকদের বইয়ের প্রতিও বিশেষ নজর রাখতে হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১০টি ইউনিটের অধীনে ৪৫টি বিভাগে সর্বমোট ৪ হাজার ৬৫৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এবার আবেদন জমা পড়েছে ২ লাখ ১১ হাজার ৯৫২টি। অর্থাৎ প্রতিটি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ৪৬ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা কমিটি সচিব এস এম আকবর হোসেন জানান, জে ইউনিটে (বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট) ৮৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৫১৪টি। অর্থাৎ এতে ৫৩ জন করে শিক্ষার্থী প্রতি আসনের জন্য লড়বেন। এফ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৫৪৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৬ হাজার ১৪৪টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ৪৮ জন। এ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৫৪৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৭৬৬টি। এতে প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ৪৭ জন। আই ইউনিটে (মৎস্য ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট) ১১১টি আসনের বিপরীতে ৪ হাজার নয় ৯২২টি। প্রতি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪৪ জন করে। সি ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ৭৪৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩২ হাজার ৫১টি। প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ৪৩ জন করে শিক্ষার্থী।
এ ছাড়া ডি ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৮৮৩টি আসনের বিপরীতে অবেদন জমা পড়েছে ৩৩ হাজার ৬৯৬টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ৩৮ জন। বি ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদ) ১ হাজার ৪৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৪ হাজার ৩০টি। প্রতি আসনের জন্য ৩১ জন করে পরীক্ষায় অংশ নেবেন। এইচ ইউনিটে (শিক্ষা অনুষদ) ৩৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯২৪টি। প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ২৫ জন শিক্ষার্থী।