শিক্ষার্থীদের নিম্নমানের ব্যাগ ও পোশাক দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝরে পড়া শিশুদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপিত উখিয়ার আনন্দ স্কুলের শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ কেনায় দুর্নীতি হয়েছে। উপজেলার আনন্দ স্কুলের শিক্ষকেরা এমন অভিযোগ করেছেন।
বিদ্যালয়গুলোর শিক্ষকদের অভিযোগ, শিশুদের যে পোশাক দেওয়া হয়েছে সেসব দ্রুত ছিঁড়ে যাচ্ছে, ব্যাগও ফুটো হয়ে যাচ্ছে। অনেক বিদ্যালয়ে শিশুদের গায়ের মাপমতো হয়নি বলে পোশাক কাজেও লাগেনি। কেবল তা-ই নয়, মৌখিক নির্দেশের ভিত্তিতে দরপত্র ছাড়াই বিদ্যালয়গুলোতে এসব পোশাক ও ব্যাগ সরবরাহ করা হয়েছে।
উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে মাঝপথে ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ বা রস্ক নামের প্রকল্পের আওতায় ১৩০টি আনন্দ স্কুল প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় গত জুন মাসে আনন্দ স্কুলের তিন হাজার ১৭২ জন শিক্ষার্থীর পোশাক ও ব্যাগ তৈরি বাবদ ১৮ লাখ ৩৯ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু উপকরণগুলো বরাদ্দকৃত টাকার চেয়ে কম দামে কেনা হয়েছে বলে শিক্ষকদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি আনন্দ স্কুলের একজন শিক্ষক বলেন, তাঁর স্কুলে সরবরাহকৃত ৪০টি পোশাকের মধ্যে ২০টি শিশুদের কাজে আসছে না। নিম্নমানের কাপড় দিয়ে তৈরি পোশাকগুলো দ্রুত ছিঁড়ে যাচ্ছে। কেবল পোশাক কেনা নিয়ে দুর্নীতি নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাও বাড়িয়ে দেখিয়েছে স্থানীয় শিক্ষা বিভাগ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হারুন-অর-রশিদ ও বালুখালী লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল বলেন, ১৩০টি আনন্দ স্কুলের বিপরীতে যে তিন হাজার শিক্ষার্থী দেখানো হচ্ছে তাদের অধিকাংশ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী এবং ইবতেদায়ী মাদ্রাসার নিয়মিত ছাত্রছাত্রী। কাগজে–কলমে এদের ঝরে পড়া শিক্ষার্থী দেখানো হচ্ছে।
উপজেলার পালংখালী ইউনিয়নের রাহমতের বিল আনন্দ স্কুলের শিক্ষক আলমগীর ফরহাদ অভিযোগ করেন, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা পোশাক ও ব্যাগ কেনার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে অভিযোগ পাঠানো হয়েছে।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে রস্কের কর্মকর্তা রাসেল উদ্দীন বলেন, গত ১৫ জুন তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়ে অন্যত্র চলে গেছেন। প্রকল্প পরিচালকের মৌখিক নির্দেশে শিক্ষার্থীদের পোশাক ও উপকরণ বাবদ বরাদ্দকৃত টাকা তুলেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, পোশাক ও ব্যাগ সরবরাহের বিপরীতে কোনো দুর্নীতি হচ্ছে না। দরিদ্র ছেলেমেয়েরা পোশাক ও ব্যাগ পাচ্ছে এটিই বড় কথা।