শিক্ষার্থীদের নিয়ে লোক থিয়েটারের নাট্যবিষয়ক কর্মশালা শুরু আজ
‘নাটক চেতনাকে শাণিত করুক’ এই শিরোনামে লোক থিয়েটারের উদ্যোগে ১৫ দিনব্যাপী নাটকের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ। লোক থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মশালায় অংশ নেবে নগরের সাতটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। নগরের এনায়েত বাজার মহিলা কলেজে সন্ধ্যা ছয়টায় এই কর্মশালার উদ্বোধন হবে। প্রশিক্ষণ শেষে আগামী ২৮ অক্টোবর শুরু হবে সাত দিনব্যাপী ‘শিক্ষার্থীদের নাট্য উৎসব’।
কর্মশালায় অংশ নিচ্ছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও কলেজ, সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ, সিজিএস স্কুল, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ও এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
কর্মশালা বিষয়ে লোক থিয়েটারের প্রধান সমন্বয়ক মনসুর মাসুদ বলেন, ১৯৯১ সালে যাত্রা করা লোক থিয়েটার শুরু থেকেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেছে। দলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মশালা। এর ফলে শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নাট্যকর্মী উঠে আসবে।