শিক্ষার্থীদের প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতন করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল (সিএইচসি) কর্তৃপক্ষ। অল্প বয়সে বিয়ে না করা, অপরিণত বয়সে গর্ভধারণের ক্ষতিকর প্রভাব, ঝুঁকিপূর্ণ মেলামেশা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে সংস্থা। কর্মশালায় সিএইচসির পরিচালক এম স্টিফেন চৌধুরী জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশে শিশুস্বাস্থ্য এবং মৃত্যুহার হ্রাসে অগ্রগতি হলেও যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার সুরক্ষায় অগ্রগতি নেই। আমাদের দেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৭৮ শতাংশ শিশুর বিয়ে হয়ে যায়। ৫৯ শতাংশ কিশোরী ১৯ বছর বয়স হওয়ার আগেই সন্তান জন্ম দেয়। অল্প বয়সে গর্ভধারণের কারণেই বাংলাদেশে মাতৃমৃত্যুর হার বেশি। এর ফলে শিশুর মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে জ্ঞান কম। পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন বিষয়ে সচেতন করা হয় না। এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই সিএইচসি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। জানা গেছে, কাপ্তাইয়ের দুটি কলেজ, দুটি মাদ্রাসা এবং ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাই করা শিক্ষার্থীদের যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদেরও এ বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। আগামী এক বছর ধরে ওই কার্যক্রম চলবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।