রাঙামাটিতে শিক্ষার্থীদের এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ইন্টারনেট ব্রাউজিং নিয়ে শুরু করেছেন চর্চা। এদিকে, সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে হতাশ হয়ে পড়েছে। এমন একজন শিক্ষার্থী রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দিবা শাখার সপ্তম শ্রেণীর ছাত্রী সঞ্চারি চাকমা। তবে যখন জানতে পেরেছে, উৎসবে সব শিক্ষার্থীর জন্য অন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানা যাবে, তখন সঞ্চারির আর আক্ষেপ রইল না। সে বলল, ‘আমি অবশ্যই উৎসবে যোগ দেব। সম্ভব হলে মা-বাবাকেও নিয়ে আসব।’ আগামীকাল (বুধবার) সকালে রাঙামাটি সরকারি কলেজে অনুষ্ঠিত হবে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। এ নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এখন উৎসবের আমেজ। উৎসবে তিনটি কলেজ ও আটটি বিদ্যালয় অংশ নেবে। ইন্টারনেট প্রযুক্তির ইতিবাচক দিক তুলে ধরতে আর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে গ্রামীণফোন ও প্রথম আলো এ ইন্টারনেট উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে। এখন দেশব্যাপী চলছে এ উৎসব। গত রোববার রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে মুঠোফোন নিয়ে ইন্টারনেট ব্রাউজিং চর্চা করছে। এর কিছুক্ষণ পর বাছাই করা হয় সাতজন আই-জিনিয়াস প্রতিযোগীকে। যারা বাছাইয়ে আসতে পারেনি, তাদের জানিয়ে দেওয়া হয় স্পট নিবন্ধনের সুযোগের কথা। রাঙামাটি সরকারি কলেজকে ভেন্যু করায় গ্রামীণফোন ও প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম। তিনি উদ্যোগের শুরু থেকে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম এ মতিন ইন্টারনেট উৎসবকে খুবই যুগোপযোগী বলে উল্লেখ করে জানান, তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন উৎসবে অংশ নেয় সে ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। এ ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষার্থী ইন্টারনেট উৎসব নিয়ে আগ্রহী।