শিক্ষার্থীদের মাথার ওপর জ্বলছে চুল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাথার ওপর এখনো ইটভাটার চুল্লি জ্বলছে। ইটভাটা বন্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের পুলিশ ও স্থানীয় একটি সন্ত্রাসী দল হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, জেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত গুংগুরুপাড়া গ্রাম। পরিবেশ আইন অমান্য করে পাড়ার মাঝখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন জায়গায় এবিসি নামে ইটভাটা স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক মংহ্লাপ্রু খিয়াং বলেন, চুল্লির কালো ধোঁয়াসহ ভাটা এলাকার ধুলাবালুতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো অন্ধকার হয়ে যায়। ইট ও জ্বালানি কাঠ পরিবহনকারী ট্রাকের বিকট আওয়াজে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। স্থানীয় লোকজন জানান, মো. ইসলাম নামে এক ব্যক্তি ২০০৫ সালে ইটভাটাটি গড়ে তোলেন। ২০১০ সাল থেকে পাহাড়ি জনপদে ইটভাটা চালানো নিষিদ্ধ করে সরকার। এরপর থেকে পরিবেশগত ছাড়পত্রসহ প্রশাসনের অনুমতি ছাড়াই ইটভাটাটি চালানো হচ্ছে। এতে নিয়মিত পোড়ানো হয় বনের কাঠ। জানা যায়, এ ব্যাপারে ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে উসাথোয়াই খিয়াং, থইখই খিয়াংসহ স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রশাসন থেকে ইটভাটা চালানোর অনুমতি না পেয়ে মো. ইসলাম গত অক্টোবরের মাঝামাঝি সময়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সাত বিভাগের কর্মকর্তাকে বিবাদী করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। আদালত পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য তিন মাসের সময় দিয়ে ইটভাটা চালানোর নির্দেশনা দিয়েছেন। কিন্তু মো. ইসলাম ওই নির্দেশনাকে আদালতের নির্দেশ হিসেবে প্রচারণার মাধ্যমে ইট পোড়ানো অব্যাহত রেখেছেন। ইটভাটা বন্ধের জন্য দাবি জানালে পুলিশ ও একটি সন্ত্রাসী দল ভাটার মালিকের পক্ষে পাড়াবাসী ও আদিবাসী ছাত্র কাউন্সিলের নেতাদের হুমকি দিচ্ছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ খিয়াং ছাত্রনেতাদের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকার কথাই শুধু তাদের জানিয়ে দেওয়া হয়েছে। ইটভাটার মালিক মো. ইসলাম জানান, আগামী বছর থেকে তিনি বিদ্যালয় এলাকা থেকে ইটভাটা সরিয়ে নেবেন। নবায়নের আবেদন করেও ইটভাটা চালানোর অনুমোদন না পাওয়ায় উচ্চ আদালতে রিট করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৮ জানুয়ারি পর্যন্ত ইটভাটা চালানোর জন্য আদালতের নির্দেশ রয়েছে। আমি বা আমার পক্ষে কেউ কাউকে হুমকি দেয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন পারভিন তিবরীজি জানান, বিদ্যালয়সংলগ্ন ইটভাটা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই উচ্চ আদালতের নির্দেশনা প্রত্যাহারের ব্যাপারে আপিল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।