শিক্ষার্থীদের সৃজনশীলতার চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা সব সময় নতুন কিছু করতে চান। সৃষ্টির নেশায় যেন বুঁদ থাকেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের তাঁরা কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী। সৃজনশীল কাজে সব সময় নিজেদের ব্যস্ত রাখেন। সৃষ্টিশীল কাজের ধারায় এবার তাঁরা হাত দিয়েছেন স্থাপত্য বিভাগের মূল ভবনের প্রাঙ্গণে কারুকার্যময় বসার আসন নির্মাণে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ছয়টি দলে ভাগ হয়ে বাঁশ দিয়ে তৈরি করেছেন নান্দনিক ছয়টি আসন।জানা যায়, বাঁশ, বেত, পাটের দড়িসহ প্রাকৃতিক উপকরণ দিয়ে আসন তৈরির কাজ করেছেন শিক্ষার্থীরা। দলের সদস্যরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে, পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন করে কাজগুলো করেছেন। বাঁশ কাটা, বাঁশ মসৃণ করা, বিভিন্ন গিঁটে খাঁজ কাটা—সবই করেছেন নিজ হাতে। বাঁশ ছিদ্র করে নাট-বোল্টু লাগানো, ছিদ্রের মধ্য দিয়ে দড়ির বুনন, কিংবা দড়ি দিয়ে বাঁশে বাঁশে বিভিন্ন ধরনের বাঁধনের কারুকার্যময়তায় ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতা। বাঁশগুলোকে ঘুণ ও পোকার আক্রমণ থেকে রক্ষা করতে বিভিন্ন প্রকার কেমিক্যাল ট্রিটমেন্টও করা হয়েছে। ছয়টি আসনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে নান্দনিকতার ছোঁয়া রয়েছে। এ প্রসঙ্গে স্থাপত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মায়েশা মাহমুদ বলেন, ‘একজন স্থপতিকে কেবল নকশার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবক্ষেত্রে কাজ করতে গেলে কি কি অসুবিধা হয় তা জানা দরকার। এ প্রকল্পগুলো আমাদের সীমাবদ্ধতা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।’ একই বর্ষের শিক্ষার্থী ইয়াসিন ইমরান বলেন, ‘করাত দিয়ে বাঁশ কাটা কিংবা দড়ির প্যাঁচে বাঁশ বাঁধা আমাদের জন্য সম্পূর্ণ নতুন কাজ। এ ধরনের কাজ আমাদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে আমি মনে করি।’এই প্রকল্পের নির্দেশক হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক সৈয়দা জেরিনা হোসাইন, স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী ও তাজিয়া রহমান। শিক্ষার্থীদের কাজের প্রসঙ্গে সৈয়দা জেরিনা হোসাইন বলেন, ‘প্রকল্পের কাজের এই পরিশ্রম শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতা ও দূরদর্শিতা অর্জনে সহায়ক হবে। তাঁরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিখবে।’ চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক উপকরণে তৈরি এ ধরনের আসবাব যেমন আরামদায়ক, তেমনি পরিবেশবান্ধব। প্রাকৃতিক এই সম্পদের সঠিক ও সুনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। তরুণ এই স্থপতিরা প্রাকৃতিক উপকরণের ব্যবহার ও প্রয়োগ করে ভবিষ্যতে নিশ্চিত করবে সাশ্রয়ী, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও টেকসই আবাসন ব্যবস্থার।