ভর্তি পরীক্ষা না হলে প্রকৃত মেধা যাচাই হতে পারে নাতানজিনা শবনম, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রামআমার ভাইয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ছে। কিন্তু তার এসএসসি এবং এইচএসসিতে সব বিষয়ে এ প্লাস ছিল না। ভর্তি পরীক্ষায় ভালো করে সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। বিভিন্ন শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা হয়। এখন যে বোর্ডে প্রশ্ন সহজ হলো, তারা তো ভালো পয়েন্ট পাবেই। কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষায় তো সবার জন্য একই প্রশ্ন, তাই এখানেই আসল মেধা যাচাই সম্ভব। ভর্তি পরীক্ষা না হলে প্রকৃত মেধা যাচাই হতে পারে না।এর পরও যদি কর্তৃপক্ষ এই পদ্ধতি চালু করতে চায়, তাহলে আগামী বছরে তা করা যেতে পারে। পরীক্ষার খুব কাছাকাছি এসে এমন সিদ্ধান্ত আমাদের হতাশায় ডোবানো ছাড়া আর কিছু না। এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ-৮ পেলে আবেদন করতে দেওয়ার কোনো মানে নেই। জিপিএ-৯ করে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর সংখ্যা কমানো যেতে পারে। তবে ভর্তি পরীক্ষা অবশ্যই দরকার।সিদ্ধান্তটা তোলা থাক আগামী বছরের জন্যবুদ্ধদেব কর, এমসি কলেজ, সিলেটসরকারের এই সিদ্ধান্ত অনেকটা ‘মাথাব্যথা হলে মাথা কেটে ফেলার মতো’। আমি নিজেই দুই পরীক্ষাতে সব বিষয়ে এ প্লাস পেয়েছি। কিন্তু এটা তো শুধু নির্বাচিত কিছু প্রশ্নপত্র পড়েই। আমাকে তো পুরো বই পড়তে হয়নি। কারণ, তখন লক্ষ্য ছিল, আগে জিপিএ-৫, তারপর ভর্তি পরীক্ষার প্রস্তুতি।ভর্তি পরীক্ষায় আসল মেধা যাচাইয়ের পথ। অনেকে বলছেন, ভর্তি পরীক্ষায় আন্দাজে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাদের জানা থাকা উচিত, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। আমি নিজে জীববিজ্ঞানের চেয়ে গণিত বেশি লাভজনক ভেবে জীববিজ্ঞানকে চতুর্থ বিষয় নিয়েছিলাম। এমনটি অনেকেই করে থাকে। তারা তো জিপিএর মূল্যায়নে সমস্যায় পড়তে পারে। মেধাবীদের মনে কষ্ট দিয়ে তো দেশ সামনে এগিয়ে যেতে পারে না। তাই পরীক্ষাটা এবার নিতে হবে। অন্য সিদ্ধান্তটা না হয় আগামী দিনের জন্য থাক।এক ঘণ্টার পরীক্ষায় মেধার মূল্যায়ন হতে পারে নাএস এম নাসিরুল হক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকাআমি মনে করি, কর্তৃপক্ষের সিদ্ধান্তটা যথাযথ। কারণ, একজন শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসিতে মোট ৭২ ঘণ্টা পরীক্ষা দিয়ে ফলাফল অর্জন করতে হয়। সেখানে তো এক ঘণ্টার ভর্তি পরীক্ষার মূল্যায়ন কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এখানে অনেকে আন্দাজে উত্তর দিয়ে পরীক্ষায় টিকে যেতে পারে। কারণ, ভর্তি পরীক্ষায় এক নম্বরের ব্যবধানও শিক্ষার্থীর সুযোগ পাওয়া না-পাওয়া নির্ধারক হয়ে উঠতে পারে। তাই আমি মনে করি, জিপিএর ভিত্তিতেই মেডিকেল কলেজে ভর্তি করা উচিত। এর মাধ্যমে প্রকৃত মেধাবীরা ভর্তি হতে পারবে। তবে সিদ্ধান্তটা এইচএসসি পরীক্ষার আগে জানানো উচিত ছিল। তাহলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কেউ মানসিকভাবে ভেঙে পড়ত না।প্রতি আসনের বিপরীতে তিন-চারজনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোকআফসানা হক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকামেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে সুযোগ থাকে দুবার। এতে অনেকেই দ্বিতীয়বার নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়। হঠাৎ ভর্তি পরীক্ষা বন্ধ করে সরাসরি জিপিএর মাধ্যমে ভর্তির যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, তা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন।শুধু জিপিএ মেধার সঠিক মাপকাঠি হতে পারে না। প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমেই প্রকৃত মেধাবীকে খুঁজে বের করা সম্ভব। দ্রুত সময় চলে যাচ্ছে। এ বিষয়ে আমরা দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।আমাদের চাওয়া, এবারও ভর্তি পরীক্ষা নিয়েই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক। প্রয়োজনে বুয়েটের ভর্তি পরীক্ষার আদলে সীমিতসংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার নিয়ম করা হোক। এ ক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে তিন অথবা চারজনকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।সবার জন্য এক নীতি থাকা উচিতআফরোজা খাতুন, রহনপুর ইউসুফ আলী কলেজ, চাঁপাইনবাবগঞ্জআমি মফস্বলের একটি কলেজে পড়েছি। আমার দুই পরীক্ষা মিলে জিপিএ-৯.৮। মেডিকেল কলেজে আবেদনের যোগ্যতা দুটো মিলিয়ে জিপিএ-৮। সেই হিসাবে আমি যোগ্য। অনেকেই ভর্তি পরীক্ষা দিয়ে ভালো ফল করতে পারে—এ রকম উদাহরণও আছে ভুরি ভুরি। কিন্তু নতুন পদ্ধতিতে আমি তো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাব না।শুধু জিপিএর মাধ্যমে ভর্তি নিলে তো শহরের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামের শিক্ষার্থীরা কখনোই পেরে উঠবে না। কারণ, শহরের ছেলেমেয়েরা অনেক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। তাই তাদের পক্ষে এইচএসসিতে ভালো জিপিএ পাওয়া সম্ভব। তাই বলতে চাই, ভর্তি পরীক্ষাই মেধা মূল্যায়নের একমাত্র পথ।ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটে ভর্তি পরীক্ষা হবে, কিন্তু মেডেকেল কলেজে হবে না, এ কেমন বৈষ্যম্য? সবার জন্য এক নীতি থাকা উচিত।শুধু জিপিএ যদি মেধার মানদণ্ড হয়, তা হলে তো বিসিএস পরীক্ষা নিয়ে চাকরি দেওয়ার দরকার নেই। জিপিএ দেখে সরাসরি বিসিএসে নিয়োগ দিলেই হয়।এ পদ্ধতির ভুল প্রয়োগ হতে পারেসঞ্চারী দাস, খুলনা সরকারি মহিলা কলেজআমার সারা জীবনের ইচ্ছা, চিকিৎসক হব। যে কারণে আমি গত বছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হইনি। এরপর এক বছর ধরে প্রস্তুতি নিয়ে চলেছি। তাই আমি আত্মবিশ্বাসী ছিলাম, এবার আমি সুযোগ পাবই পাব। আমার এসএসসিতে জিপিএ-৫ আছে। কিন্তু এইচএসসিতে জিপিএ-৪.৬ পাওয়ার পরও মানোন্নয়ন পরীক্ষার কথা ভাবিনি। এক বছর ধরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। আর এখন কর্তৃপক্ষ বলছে, ভর্তি পরীক্ষা হবে না। এটা কেমন কথা! বলা হচ্ছে, এতে কোচিং বন্ধ হবে। কিন্তু কর্তৃপক্ষ কি জানে না যে ইতিমধ্যে সব শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়ে হাজার হাজার টাকা ব্যয় করে ফেলেছে। তা হলে কীভাবে এবার কোচিংয়ের দৌরাত্ম্য বন্ধ হলো?এভাবে আমাদের মতো লাখো শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া ঠিক নয়। আমাদের আশঙ্কা, নতুন পদ্ধতির ভুল প্রয়োগ হতে পারে। এই পদ্ধতির সুযোগে একশ্রেণীর লোকেরাই ফায়দা লুটবে, যা আমাদের কম্য নয়। এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তত এক বছর আগেই শিক্ষার্থীদের জানাতে হবে। এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হোক।আর ভর্তি পরীক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় মেডিকেল কলেজসমূহে পরীক্ষাবিহীন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির নতুন সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক— দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ থাকতে হবে। জিপিএ ৭ প্রাপ্ত বিদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক নিম্নোক্ত ভাষ্য প্রদান করেন— এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা ভালো করেছে, তাদের আর নতুন করে পরীক্ষা নেয়ার দরকার নেই। এতে কোচিং বণিজ্যের রাশ টেনে ধরা সম্ভব হবে। গত বছরের পরীক্ষার্থীরাও এবার আবেদন করতে পারবে। এ প্রক্রিয়ায় ভর্তি করা হলে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে না। কারণ যারা ভাল, তারা তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেই ভাল করেছে।সূত্র: প্রথম আলো ১৩ আগস্ট ২০১২ শিক্ষার্থীদের মন্তব্যগুলো নেওয়া হয়েছে ২৬ আগস্ট। গ্রন্থনা: ইমাম হাসান [email protected]