শিক্ষার্থীরাই আলোকচিত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য, ফ্রান্স, মিসর, অস্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া, তুরস্ক, পানামা, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত আর বাংলাদেশ! যদি তালিকাটা দেখে হাঁপিয়ে ওঠেন, তবে জানাচ্ছি, আরও লম্বা ছিল এই তালিকা। ৩১টি দেশের ১২০টি বিশ্ববিদ্যালয়ের ৬৪৫ জন শিক্ষার্থীর (তাঁরা একই সঙ্গে আলোকচিত্রীও বটে) পাঁচ হাজারেরও বেশি ছবি জমা পড়েছিল প্রথম ধাপে। এরপর সেখান থেকে ১৫টি দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের ১৫২ জন আলোকচিত্রীর ২৩৯টি ছবি নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব। রাজধানীর দৃক গ্যালারিতে ৮ জুলাই থেকে শুরু হওয়া এবারের আসর এই নিয়ে সপ্তমবারের মতো।এবারের প্রদর্শনীর প্রথম দিনেই পুরস্কারপ্রাপ্ত ৩৭টি ছবির নাম ঘোষণা করা হয়। সাদা-কালো ও রঙিন—এই দুই ক্যাটাগরিতেই মূলত ভাগ করা হয় সব ছবিকে। এরপর স্টিল লাইফ, অ্যাকশন, পোর্ট্রেট, নেচার, আর্কিটেকচার, লাইফ, ল্যান্ডস্কেপ ও ফটোস্টোরি—এই আটটি উপবিভাগে ভাগ করে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব আলোকচিত্র।প্রথম দিন থেকেই আলোকচিত্রপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের একটা বড় অংশই ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসা সোহেল, সুমন, কণা, লায়লা, হারুনরা এসেছিলেন দল বেঁধে। তাঁরা এত চমৎকার সব আলোকচিত্র দেখে মুগ্ধ। সুমন জানালেন, ‘আমি তিন বছর ধরে প্রতিবছরই এই প্রদর্শনীতে আসি। বিশ্বের বিভিন্ন প্রান্তের আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীরা যে এত চমৎকার ফটোগ্রাফি পারে, না দেখলে বিশ্বাস করার উপায় নেই।’ বুয়েটের রাজনরাও এসেছিলেন দল বেঁধে। রাজন নিজেও একজন শখের আলোকচিত্রী। রাজন বললেন, ‘যুক্তরাজ্য আর তুরস্কের কিছু আলোকচিত্র দেখে আমি মুগ্ধ। এর পরেরবার আমি নিজেও ছবি জমা দেব এই প্রতিযোগিতায়। যদি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় আমার ছবি, তবে তা হবে আমার জন্য অনেক বেশি সম্মানের।’ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সুরভি এসেছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা আলোকচিত্র দেখতে। ৯ জুলাই সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এবং ১১ জুলাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ আলোকচিত্র উপস্থাপনা।১৫ জুলাই দৃক থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় স্থানান্তরিত হবে এই প্রদর্শনী। ওই দিন বিকেল চারটায় বিজয়ী আলোকচিত্রগুলোর পুরস্কার বিতরণ করা হবে। শিল্পকলায় এই প্রদর্শনী চলবে ২২ জুলাই পর্যন্ত।১৬ জুলাই বিকেলে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রবিষয়ক উপস্থাপনা থাকবে। বুয়েটের উপস্থাপনা থাকবে ১৮ জুলাই বিকেলে। ২০ জুলাই প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নিতে পারবেন যে কেউ।আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি তাহসীনুল মজিদ জানালেন, ‘দৃকে এই প্রদর্শনী ১৪ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে, আর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ১৫ থেকে ২২ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। আমরা এই ইভেন্টটি প্রতিবছরই আয়োজন করে থাকি এবং আশা রাখি ভবিষ্যতেও করতে পারব।’এই তো জানিয়ে দিলাম, পুরো অনুষ্ঠানে এখন পর্যন্ত কী হয়েছে আর সামনেই বা কী হবে। যাঁরা এখনো ঘুরে আসেননি, তাঁরা নিশ্চয় সময় করে একবার দেখে আসবেন মনে ছাপ ফেলা এসব আলোকচিত্র। ছবির ভুবনে আমন্ত্রণ রইল সবার জন্য।